চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে। এবার পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৩৫ জন। গতবার পাসের হার ছিল ৮৫ দশমিক ৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ২৬৮ জন।
২০১০ সালে জেএসসি পরীক্ষা শুরু হওয়ার পর এবারই সবচেয়ে ভালো ফল হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। ২০১০ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫২৮ শিক্ষার্থী।
ভালো ফলের কারণ হিসেবে শিক্ষকেরা বলছেন, অন্য বছরের তুলনায় তিন পার্বত্য জেলার শিক্ষার্থীরা এবার ভালো করেছে। একই সঙ্গে ইংরেজি ও গণিত বিষয়ে পাসের হার আগের চেয়ে বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মিলনায়তনে পরীক্ষার ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব আবদুল মুবিন।
বোর্ডের তথ্যানুযায়ী, এ বছর ১ হাজার ২০৯টি বিদ্যালয় থেকে ১ লাখ ৭৯ হাজার ৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১ লাখ ৬২ হাজার ৫২৪ জন। ৮০ হাজার ৭৪৯ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৭৩ হাজার ৫৯৭ জন (পাসের হার ৯১ দশমিক ১৪ শতাংশ) এবং ৯৮ হাজার ৩৪৬ ছাত্রীর মধ্যে পাস করেছে ৮৮ হাজার ৯২৭ জন (পাসের হার ৯০ দশমিক ৪২ শতাংশ)। পাসের হারে ছাত্রদের তুলনায় পিছিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিকে ছাত্রীরা এগিয়ে আছে। এবার ৭ হাজার ৮২০ জন ছাত্রী ও ৬ হাজার ৩১৫ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৭২ শিক্ষার্থী। শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ১৯২টি। গতবার ছিল ১৫৮টি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান, বোর্ডের অধীনে থাকা তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাসের হারে অনেক পিছিয়ে থাকে, যার প্রভাব পড়ে বোর্ডের সামগ্রিক ফলাফলে। তবে এবার তিনটি জেলায় পাসের হার বেড়েছে। গণিত ও ইংরেজি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের হারও বৃদ্ধি পেয়েছে। এসব কারণে এবার পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা বেড়েছে।
বোর্ড সূত্র জানায়, গত বছর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে পাসের হার ছিল যথাক্রমে ৯২ দশমিক ১৫ ও ৯০ দশমিক ৭৮ শতাংশ। এবার এ দুটি বিষয়ে পাসের হার যথাক্রমে ৯৭ দশমিক ৩৬ ও ৯১ দশমিক ০৪ শতাংশ। গণিতে গত বছর ৯৩ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করলেও এবার করেছে ৯৬ দশমিক ০৫ শতাংশ।
জেলাভিত্তিক ফল: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে সবচেয়ে বেশি পাসের হার কক্সবাজার জেলার। ২৪ হাজার ৯১৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৪৯৮ জন। পাসের হার ৯৪ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১২৮ জন। চট্টগ্রাম জেলার পাসের হার ৯০ দশমিক ৬১ শতাংশ। এ জেলার ১ লাখ ২৮ হাজার ২৩৪ জনের মধ্যে পাস করেছে ১ লাখ ১৬ হাজার ১৯০ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২০৬ শিক্ষার্থী।
তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বেশি পাসের হার খাগড়াছড়ি জেলায়, যা ৮৯ দশমিক ৭০ শতাংশ। গতবার এ হার ছিল ৮৫ দশমিক ৩৭ শতাংশ। রাঙামাটি জেলায় পাসের হার ৮৮ দশমিক ৩২ শতাংশ, গতবার ছিল ৮১ শতাংশ। বান্দরবান জেলায় গতবার ৭৭ দশমিক ৯৮ শতাংশ পরীক্ষার্থী পাস করলেও এবার করেছে ৮৩ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষায় অংশ নেওয়া ৪৩৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৬৭ জন। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ৩৩০ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২১ জন। কলেজিয়েট স্কুলের ৩২৪ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১৬ জন। নৌবাহিনী স্কুল ও কলেজের ৬৬৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩০০ জন। নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের ৩৭৯ শিক্ষার্থীর মধ্যে ২৯০ জন।
বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, যেসব ছাত্রী খারাপ করে তাদের প্রতি আলাদা নজর দেওয়া হয়। প্রতিটি ক্লাস যাতে ঠিকভাবে হয়, তাও তদারকি করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের যৌথ চেষ্টার ফলে এ ফল অর্জন সম্ভব হয়েছে।