চট্টগ্রাম শিল্পকলায় আজ খবরখাদ্যের প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পর চট্টগ্রামে এল ‘খবরখাদ্য’। প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শিল্পী ওয়াকিলুর রহমানের এই দৃশ্যশিল্পের প্রদর্শনীর উদ্বোধন হবে আজ শুক্রবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমির গ্যালারিতে। প্রদর্শনী চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। শিল্পী ওয়াকিলুর রহমান জানান, ‘১৫ বছর ধরে প্রথম আলোতে প্রকাশিত সংবাদগুলো ব্যবহার করা হয়েছে খবরখাদ্যে। দেশের একটি প্রধান দৈনিকের চোখে বাংলাদেশ কেমন তা তুলে ধরার চেষ্টা করেছি।’
প্রদর্শনীর তিন দিন শুক্র, শনি ও রোববার থাকছে চট্টগ্রামের বিভিন্ন শিল্পীর পারফরম্যান্স আর্ট। এই তিন দিন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত পারফরম্যান্স আর্ট পরিবেশন করবেন শিল্পী দিলারা বেগম জলি, শায়লা শারমিন, জয়দেব রোয়াজা, পলাশ ভট্টাচার্য, শারদ দাশ, আফসানা শারমিন, জেসিকা তাসনিম, সুচয়ন পাল, জুবিলি দেওয়ান ও সুমিত চক্রবর্তী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। ঢাকায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে গত ৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত খবরখাদ্যের প্রদর্শনী হয়।