চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে যাত্রী হয়রানি বন্ধে মানববন্ধন
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে যাত্রী হয়রানি বন্ধসহ চার দফা দাবি জানিয়েছে ‘আমরা সন্দ্বীপবাসী’ নামের একটি সংগঠন। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। পরে তারা মানববন্ধনে অংশ নেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ রফিকুল মাওলা। শেষে সন্দ্বীপের বাসিন্দারা চট্টগ্রাম জেলা পরিষদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে জেলা পরিষদের প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের দাবিগুলো হচ্ছে: কুমিরা-গুপ্তছড়া ঘাটে বিআইডব্লিউটিসির দুটি উভয়মুখী স্টিমার সার্ভিস চালু, কুমিরা-গুপ্তছড়া ঘাটের ইজারাদারের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও যাত্রী নির্যাতনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, জেলা পরিষদের ঘাটগুলোতে যৌক্তিক ভাড়া নির্ধারণ ও নিরাপদ যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনের পক্ষ থেকে ঘাটগুলোর যথাযথ তদারকি।
লিখিত বক্তব্যে রফিকুল মাওলা বলেন, এই নৌপথে ইজারাদারের লোকজন যাত্রীদের সঙ্গে মধ্যযুগীয় আচরণ করেন। নারী-পুরুষনির্বিশেষে যাত্রীদের তীর থেকে অনেক দূরে কোমরপানিতে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটে প্রায় সময়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহমেদ, পৌর মেয়র জাফর উল্লাহ, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, প্রকৌশলী এ কে এম বেলায়েত হোসেন প্রমুখ।