চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথের জাহাজ চলবে ঢাকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া নৌপথে চলাচলকারী এমভি বারো আউলিয়া জাহাজটি ঢাকা-বরিশাল নৌপথে চালানোর তৎপরতা চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করেছে চট্টগ্রামের সন্দ্বীপ অধিকার সংরক্ষণ কমিটি। গত বুধবার সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি, এমভি বারো আউলিয়া ঢাকা-বরিশাল রুটে চলাচলের জন্য স্থানান্তর করা হবে। আমরা এ বিষয়ে ঢাকায় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বরাবর অভিযোগ করেছি। তাঁর কাছে চট্টগ্রামে বসবাসরত চার লাখ সন্দ্বীপবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে জাহাজটি স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের অনুরোধ করেছি।’এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো খবর জানা নেই।’বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া নৌপথে চলাচলের জন্য চারটি জাহাজ রয়েছে। এর মধ্যে বর্তমানে এমভি আবদুল মতিন এবং মুনিরুল হক নামে মাত্র দুটি জাহাজ সচল রয়েছে। এগুলো প্রতি সপ্তাহের শনি, সোম, বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যায়। আবার হাতিয়া থেকে (সন্দ্বীপ হয়ে) চট্টগ্রামে আসে রবি, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। জাহাজ-সংকটের কারণে প্রতিবছরই ঈদ মৌসুমে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ এবং হাতিয়ায় যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এসব যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে কুমিরা-গুপ্তছড়া নৌপথে ট্রলারে ঝুঁকি নিয়ে চলাচল করেন। এ পথে বিগত সময়ে ভয়াবহ দুর্ঘটনার নজির রয়েছে। গতকালও ওই এলাকায় এ ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মুজিবুর রহমান ঢাকা-বরিশাল নৌপথে চলাচলের বিষয়টি নাকচ করে দেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এমভি বারো আউলিয়া চলাচল উপযোগী হবে কি না এখনো বলা যাচ্ছে না। অনেক পুরোনো জাহাজ মেরামত করতে সময় লাগছে। তবে এটি চলাচল উপযোগী হলে চট্টগ্রামেই পাঠানো হবে। চট্টগ্রাম-সন্দ্বীপ রুটেই চলবে। অন্য কোনো রুটে নয়।’ নারায়ণগঞ্জ ডকইয়ার্ড সূত্রে জানা যায়, এমভি বারো আউলিয়ার সংস্কারকাজ শেষ। গত বুধবার প্রথমবারের মতো দুই ঘণ্টা পরীক্ষামূলকভাবে চালানো হয়। আজ শুক্রবার প্রায় পাঁচ-ছয় ঘণ্টার পরীক্ষামূলক চলাচলের পরে আগামী কয়েক দিনের মধ্যে এটি চলাচল উপযোগী হবে।