চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া নৌপথে আজ থেকে জাহাজ চলাচল শুরু
এক সপ্তাহ পর চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে আজ শনিবার থেকে আবার জাহাজ চলাচল শুরু হচ্ছে। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার সদরঘাট থেকে যাত্রা শুরুর দেড় ঘণ্টা পর ৯৮১ জন যাত্রী নিয়ে এমভি মনিরুল হক নামের জাহাজটি বিকল হয়ে পড়ে। এর আগে এই নৌপথে চলাচলরত তিনটি জাহাজই পর্যায়ক্রমে বিকল হয়ে যায়। সব জাহাজ অচল থাকায় চট্টগ্রাম থেকে সন্দ্বীপ ও হাতিয়ার এই পথে চলাচল বন্ধ হয়ে যায়।এই পরিস্থিতিতে বিআইডব্লিউটিসির পরিচালক (কারিগরি) ওসমান করিম, প্রধান প্রকৌশলী আলমগীর আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা থেকে এসে এমভি মনিরুল হকের মেরামতকাজ তদারকি করেন। অচল থাকা আরেকটি জাহাজ থেকে যন্ত্রাংশ খুলে এমভি মনিরুল হক জাহাজে সংযোজন করা হয়। গতকাল জাহাজটির পরীক্ষামূলক সমুদ্রযাত্রা সম্পন্ন করা হয়।এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক নুরুল আলম আকন্দ প্রথম আলোকে বলেন, অচল জাহাজটি মেরামত করে সচল করা হয়েছে। এটি আজ সকালে চট্টগ্রামের সদরঘাট থেকে সন্দ্বীপ ও হাতিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। পর্যায়ক্রমে অচল জাহাজগুলো মেরামত করে চলাচলের উপযোগী করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।বৈঠকে উপস্থিত সন্দ্বীপ অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, জাহাজটি সচল হওয়ায় এক সপ্তাহ ধরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটি আপাতত কেটে গেছে। তবে এখনো অচল থাকা অপর তিনটি জাহাজ দ্রুত মেরামতের দাবি জানান তিনি।