চট্টগ্রাম সমিতি ঢাকার শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান
দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল, কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি, ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় শিক্ষাসহ সাধারণ বিষয়ে স্নাতক পর্যায়ে প্রথম বর্ষে (শিক্ষাবর্ষ ২০১৬-১৭) অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের মেধাবী অথচ অসচ্ছল সীমিত সংখ্যক শিক্ষার্থীকে তাদের কোর্সের পূর্ণ মেয়াদের জন্য শিক্ষাবৃত্তি ঢাকার চট্টগ্রাম সমিতি।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের ‘নিজ জেলা’ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং যাদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ছাড়া) বিজ্ঞান বিভাগে জিপিএ-৫, বাণিজ্য বিভাগে জিপিএ-৪.৫০ ও মানবিক বিভাগে জিপিএ-৪ রয়েছে, তারা আবেদন করতে পারবে। প্রতিবন্ধীদের জন্যও বৃত্তির বিশেষ কোটা রাখা হয়েছে।
আবেদন ফরম ১০০ টাকায় ঢাকার তোপখানায় সমিতির অফিস অথবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রামের চকবাজার শাখা এবং চট্টগ্রামের আন্দরকিল্লার যমুনা ব্যাংকের শাখা থেকে সংগ্রহ করা যাবে।
এ ছাড়া সমিতির ওয়েবসাইট ctgsamitydhaka.org থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ফরমে উল্লিখিত তথ্যসহ সংশ্লিষ্ট কাগজপত্রসহ ৩০ এপ্রিলের মধ্যে চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক বরাবর (চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন, ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০) পৌঁছাতে হবে।