চট্টগ্রাম সমিতিকে দেওয়া জমির ইজারা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর নিশাত জুট মিলের কিছু জমি মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পাশে ছিল। সেই জমি ৯৯ বছরের জন্য গত ১২ জানুয়ারি মাত্র এক লাখ এক হাজার ১০১ টাকায় ঢাকার চট্টগ্রাম সমিতিকে ইজারা দেন তৎকালীন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। অথচ প্লটটি বিক্রি বা হস্তান্তর না করার নিয়ম ছিল। আবার জমির মূল্যও নির্ধারণ হয়নি। এর কারণ হিসেবে সাবেক ওই মন্ত্রী লিখেছিলেন, ‘....ব্যক্তিগত জীবনে আমি চট্টলা কন্যার পাণিগ্রহণ করেছি।....মানবতার সেবায় তাদের সহযোগিতা করার নৈতিক দায়িত্ববোধ করছি।’

সব আইনকানুন ও নিয়ম ভেঙে দেওয়া সেই জমির ইজারা গতকাল বাতিল করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
চুক্তিটি বাতিল করে চট্টগ্রাম সমিতির সভাপতির কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্পত্তি বেসরকারীকরণের ক্ষেত্রে আইন ও বিধি এবং চুক্তির শর্ত মানা হয়েছে কি না তা যাচাই করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পবন চৌধুরীকে প্রধান করে গঠিত এক কমিটি গত ৩১ আগস্ট বিস্তারিত প্রতিবেদন তৈরি করে। ওই প্রতিবেদনে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর যে ৪৬টি অনিয়ম তুলে ধরা হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল চট্টগ্রাম সমিতির হাসপাতাল বানানোর জন্য জমির ইজারা দেওয়া।

 ১২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বৈঠক করে অনিয়ম করে দেওয়া সম্পত্তি ফিরিয়ে আনার নির্দেশ দেন। এরই প্রথম ধাপ হিসেবে ঢাকার চট্টগ্রাম সমিতিকে দেওয়া জমির ইজারা বাতিল করল সরকার।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চিঠিতে বলা হয়েছে, মতিঝিলে নিশাত জুট মিলের এই জমির পরিমাণ ১১ কাঠা ১৩ ছটাক। পরিত্যক্ত সম্পত্তি হিসেবে এটি তালিকাভুক্ত করার পর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় শর্তসাপেক্ষে তা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করে। তবে শর্ত ছিল বাড়ি বা প্লটটি কখনো বিক্রি বা হস্তান্তর করা যাবে না। আর উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রাখতে হবে। তা ছাড়া এই জমিটি জাহানারা বেগম নামে একজন বাদী হয়ে মামলা করলে তা এখনো বিচারাধীন আছে। ফলে মামলাটি চলমান থাকায় দীর্ঘমেয়াদি ইজারা চুক্তিরও আইনগত কোনো সুযোগ ছিল না।

চিঠিতে আরও বলা হয়েছে, এর পরও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আইন বহির্ভূতভাবে একক সিদ্ধান্তে জমিখণ্ডটি চট্টগ্রাম সমিতির নামে ইজারা দেওয়ার নির্দেশ দেন। চট্টগ্রাম সমিতির সভাপতি ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর স্ত্রী লায়লা সিদ্দিকীসহ চারজনের নামে এ ইজারা দলিল সম্পাদন করা হয়।

তবে এখনো চট্টগ্রাম সমিতি দেওয়া টাকার পে-অর্ডার নগদায়ন করা হয়নি, কমিটি চট্টগ্রাম সমিতিকে বুঝিয়েও দেওয়া হয়নি। এর ফলে ইজারা দলিল কার্যকর হয়নি। এ কারণে ইজারা দলিল বাতিল করা হলো।