চট্টগ্রাম সমিতির মেজবান অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো ঢাকায় চট্টগ্রাম সমিতির বার্ষিক ঐতিহ্যবাহী মেজবান ও মিলনমেলা গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। প্রায় দিনভর চলে এই অনুষ্ঠান। মিলনমেলা উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এ ছাড়া ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। সমিতির সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাকের সভাপতিত্বে ও সম্পাদক মহিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মঈনউদ্দিন খান বাদল, নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়নের স্বার্থে চট্টগ্রামের উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ জন্য দলমত-নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ বছর চট্টগ্রামের পাঁচজন গুণী ব্যক্তিত্বকে চট্টগ্রাম সমিতি সম্মাননা পদক দেওয়া হয়। তাঁরা হলেন: গণমাধ্যমে দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আবদুল খালেক (মরণোত্তর), আইনে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, জনপ্রশাসনের সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান আবু সোলায়মান চৌধুরী, সংগীতে মরমী শিল্পী আবদুল গফুর হালী ও সাহিত্যে ছড়াকার সুকুমার বড়ুয়া।