চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের উত্তরপত্র জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বোর্ড কর্তৃপক্ষ জালিয়াতির সঙ্গে জড়িত কেন্দ্রসচিবসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তির সুপারিশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়েও। গত বৃহস্পতিবার বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ৩ ও ৮ ফেব্রুয়ারি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার দিনে একজন পরীক্ষার্থীর উত্তরপত্র জালিয়াতির ঘটনা ঘটে।তদন্ত কমিটির আহ্বায়ক বোর্ডের উপসচিব মাহবুব হাসান এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘আমরা ২১ মার্চ বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের কাছে প্রতিবেদন জমা দিয়েছি এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তির সুপারিশ করেছি।’বোর্ডের সভায় ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধের লক্ষ্যে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। উত্তরপত্রে জালিয়াতির অভিযোগে কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন লাল বিশ্বাসকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বোর্ডের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সুপারিশ করা হয়েছে। অভিযুক্ত কেন্দ্র তত্ত্বাবধায়ক মোক্তার হোসেন কুতুবীকে শিক্ষা বোর্ডের পরীক্ষা ও পাবলিক পরীক্ষা থেকে অব্যাহতিসহ তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া সহ-তত্ত্বাবধায়ক রূপন কুমার দেকেও পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অন্য বিদ্যালয়ে বদলির সুপারিশ করা হয়েছে।