চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। সম্মেলনে আফছারুল আমীন বলেন, এই সরকারের আমলে সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করছেন। তিনি সরকারের ভুলত্রুটি তুলে ধরার পাশাপাশি সরকারের ইতিবাচক দিক তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সিইউজের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল প্রমুখ। সাংবাদিক নেতারা অবিলম্বে অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে চট্টগ্রামের দুই গুণী সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন, দৈনিক আজাদীর সহকারী সম্পাদক সিদ্দিক আহমেদ ও দি ইনডিপেন্ডেন্ট-এর চট্টগ্রাম অফিসের সিনিয়র রিপোর্টার নুরুল আমিন। বিকেলে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। এতে সিইউজের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ তাঁদের প্রতিবেদন পেশ করেন। আজ শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিইউজের দ্বিবার্ষিক নির্বাচন হবে।