বারবার গ্যাস-সংকটের কারণে নানামুখী সমস্যায় পড়ছে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল)। দেশের ইউরিয়া সার উৎপাদনের অন্যতম প্রধান এ কারখানাটিতে উৎপাদন বন্ধ থাকায় প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। সর্বশেষ গত বৃহস্পতিবার কারখানাটি আবারও বন্ধ হয়ে যায়।সিইউএফএল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস-সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে গত ২০ মাসের মধ্যে ১২ মাসই প্রতিষ্ঠানটি বন্ধ ছিল।সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক বজলুল রহমান জানান, এভাবে গ্যাস-সংকটের কারণে কারখানার উৎপাদন বন্ধ থাকলে ইউরিয়া সার উৎপাদন যেমন কমে যাবে, তেমনি দেশও আর্থিক ক্ষতির মুখে পড়বে। তাই কারখানাটি নিয়মিত চালু রাখা জরুরি।সিইউএফএল সূত্রে জানা যায়, ২০১০-এর জুলাই থেকে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত গ্যাসের অভাবে কারখানা বন্ধ থাকে। গ্যাস পেয়ে অক্টোবরের মাঝামাঝিতে কারখানা চালু হলেও ২০১১ সালের ১৬ মার্চ কারখানা বন্ধ হয় সাতবার। সে বছরের ১৬ মার্চ থেকে কারখানাটি একটানা বন্ধ থাকে ৪ ডিসেম্বর পর্যন্ত। আবার ৫ ডিসেম্বর কারখানা চালু হলেও ২১ ডিসেম্বর পর্যন্ত স্বল্প সময়ের মধ্যে কারখানাটি বন্ধ হয় চারবার। সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে আবারও গ্যাসের অভাবে বন্ধ হয়ে যায় কারখানা। এ সময়ের মধ্যে কয়েকবার যান্ত্রিক ত্রুটিজনিত কারণে কারখানাটি বন্ধ হলেও বেশির ভাগ সময় গ্যাসের অভাবে বন্ধ থাকে। এতে সরকারের কোটি কোটি টাকার ক্ষতি হয়।জানা যায়, জাপানের টয়ো ইঞ্জিনিয়ারিং করপোরেশন (টিইসি) কর্তৃক নির্মিত এ কারখানাটি ১৯৮৭ সালের ২৯ অক্টোবর বাণিজ্যিকভাবে উৎপাদনে যায়। এখান থেকে বার্ষিক পাঁচ লাখ ৬১ হাজার মেট্রিক টন সার উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়।কারখানার প্রধান পরিচালন কর্মকর্তা আ জ ম আতাউল করিম জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে গ্যাস সরবরাহ না থাকায় কারখানাটি বন্ধ হয়ে পড়ে। আর গ্যাস-সংকটের কারণে কারখানায় উৎপাদন বন্ধ থাকলে কারখানার পাইপলাইন, বয়লার, রিয়েক্টর ও কনভেয়ার বেল্টসহ বিভিন্ন যন্ত্রে সমস্যা দেখা দেয়। ফলে সারাক্ষণ মেরামতের কাজ করতে হয়। এভাবে ঘন ঘন বন্ধ হয়ে পড়লে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।