চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সহিংস ঘটনার তদন্ত ২২ ফেব্রুয়ারি
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৬৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণায় বিলম্ব ও সহিংস ঘটনার তদন্ত ২২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। ঘটনা তদন্ত করতে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। ওই দিন তিনি ঘটনাস্থল পরিদর্শনের মাধ্যমে তদন্তকাজ শুরু করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র জানায়, ২২ ফেব্রুয়ারি ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই দিন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জবানবন্দি নেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি বর্তমান মেয়র মোহাম্মদ মন্জুরুল আলম, চট্টগ্রামের পুলিশ কমিশনার এবং এম এ আজিজ স্টেডিয়ামে নির্বাচনকালে অস্থায়ী রিটার্নিং কর্মকর্তাদের এবং ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিমসহ নির্বাচনের পর রিটার্নিং কার্যালয়ে উপস্থিত ব্যক্তি ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। গত বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে ৬৭৩টি কেন্দ্রের মধ্যে ৬০-৬৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে দেরি হয়। এ ছাড়া এম এ আজিজ স্টেডিয়ামের অস্থায়ী রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে সহিংস ঘটনা ঘটে। এ ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়। ঘটনা তদন্তের জন্য গত বছরের ১৯ অক্টোবর এক প্রজ্ঞাপন প্রকাশ করে মহানগর দায়রা জজকে তদন্ত কমিশনের সদস্য নিয়োগ দেয় নির্বাচন কমিশন। তদন্তকাজে সহায়তা করবেন মহানগর দায়রা জজ আদালতের নাজির উবায়দুল করিম আকন্দ, সাঁটলিপিকার মো. আনোয়ার হোসেন ও এমএলএসএস জাহাঙ্গীর হোসেন।