চট্টগ্রাম সিটি করপোরেশন ভবন ২৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বিল বাকি পরিশোধ না করায় চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম নগর ভবন বিদ্যুৎবিহীন ছিল। গতকাল দিনে কিছুক্ষণ জেনারেটর, কিছুক্ষণ মোমবাতি জ্বালিয়ে করপোরেশনের কাজ চালানো হয়।পিডিবি সূত্র জানায়, চার মাসের বকেয়া বিল পরিশোধ করা হয়নি বলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সিটি করপোরেশনের কাছ থেকে প্রতিষ্ঠানটির প্রায় ৫১ কোটি টাকা পাওনা রয়েছে। দুই মাস আগে সাবেক মেয়র দুই কোটি টাকা পরিশোধের অনুমোদন দিলেও করপোরেশনের কর্মকর্তারা তা দেননি। সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম জহিরুল আলম বলেন, ‘সোমবার সন্ধ্যায় পিডিবি বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে। আমরা মনে করেছি, লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ-বিভ্রাট হচ্ছে। মঙ্গলবার সকালে করপোরেশনে এসে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি জানতে পারি।’গতকাল সকালে নগর ভবনে গিয়ে দেখা যায়, করপোরেশনের আঙিনায় বসানো জেনারেটর চলছে বিকট শব্দে। জেনারেটর দিয়ে প্রধান কার্যালয়ে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত টানা জেনারেটর চালিয়ে করপোরেশনের কার্যক্রম চালানো হয়। টানা চালানোর কারণে গরম হয়ে দুপুর দুইটায় সেটি বন্ধ হয়ে যায়। এ সময় অনেক কর্মকর্তা তাঁদের কক্ষে মোমবাতি জ্বালিয়ে জরুরি কাজ করেন। এক ঘণ্টা বন্ধ রাখার পর তিনটার দিকে আবার জেনারেটর চালু করা হয়।করপোরেশন সূত্র জানায়, জেনারেটর চালাতে প্রতি ঘণ্টায় ২০ লিটার ডিজেল খরচ হচ্ছে। গতকাল সারা দিনে সাত ঘণ্টা জেনারেটর চালিয়ে সিটি করপোরেশনের কাজ করতে হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বন্ধ থাকায় অনেক কর্মকর্তা জরুরি কাজের অজুহাতে করপোরেশন ভবনের বাইরে চলে যান।জানা গেছে, গতকাল দিনভর চট্টগ্রাম পিডিবি ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। বৈঠকে বিদ্যুৎ বিলের পাশাপাশি সারচার্জ পরিশোধ নিয়েও আলোচনা হয়। সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর হক বলেন, বৈঠকে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিষয়টি আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেন। পাশাপাশি সিটি করপোরেশন সড়ক বাতির বকেয়া বিল থেকে ৫০ লাখ টাকা পরিশোধ করে। এরপর সন্ধ্যায় সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। চট্টগ্রাম পিডিবি সূত্র জানায়, সিটি করপোরেশনের সড়ক বাতি এবং বিভিন্ন স্থাপনার বিদ্যুৎ বিলের বকেয়া প্রায় ৫১ কোটি টাকা। এর মধ্যে চট্টগ্রাম পিডিবির উত্তরাঞ্চলে এক কোটি ২৪ লাখ টাকা, পশ্চিমাঞ্চলে ১৬ কোটি ৯২ লাখ টাকা এবং পূর্বাঞ্চলে ৩২ কোটি ৮১ লাখ টাকা বকেয়া রয়েছে। ইতিপূর্বে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ৩৯ কোটি টাকা বকেয়া বিল দাবি করেছিল পিডিবি। তৎকালীন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ মন্জুর আলম (নতুন মেয়র) তখন ১৯ কোটি টাকার বকেয়া বিল পরিশোধ করে বিষয়টি মিটমাট করেন। চট্টগ্রাম পিডিবির বাণিজ্যিক পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. বাসারুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন বছরের পর বছর আমাদের কোটি কোটি টাকার বকেয়া বিল পরিশোধ করছে না। নগর ভবনের বিল পরিশোধের জন্য ইতিমধ্যে দুইবার নোটিশও দিয়েছি। তবুও বিল পরিশোধ না করায় আমরা সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছি।’ তিনি বলেন, ‘গত ১৭ বছরে আমরা করপোরেশনের সংযোগে হাত দিইনি। তাদের অনেক সম্মান করেছি। কিন্তু কোনো ফল পাইনি।’ তবে সিটি করপোরেশনের প্রধান হিসাব নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র পাল বলেন, ‘আমরা এক মাস আগে পিডিবিকে দুই কোটি টাকা পরিশোধের সিদ্ধান্ত জানিয়েছিলাম। তবে অর্থবছরের শেষে করপোরেশনের নির্বাচন এবং রাজস্ব আদায় কম হওয়ায় অর্থসংকটে আছি। এ জন্য ওই টাকা পরিশোধ করতে দেরি হয়।