চট্টগ্রাম সিটি করপোরেশন স্কুলে মাধ্যমিকের বই বিতরণ
চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। করপোরেশন সূত্রে জানা যায়, সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম অপর্ণাচরণ ও কৃষ্ণ কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অপর্ণাচরণ স্কুলে এক হাজার এবং কৃষ্ণ কুমারী স্কুলে ৯০০ ছাত্রীর মধ্যে বই বিতরণ করা হয়।দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর এম এ মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি কপোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর রেহেনা বেগম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, সচিব মোহাম্মদ সামশুদ্দোহা এবং অপর্ণাচরণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতা বেগম ও সহকারী শিক্ষক নূরজাহান বেগম।