ইউপি চেয়ারম্যানের বিষয়ে প্রতিবেদন দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে সালিসে এক কিশোরীসহ দুজনকে পেটানোর অভিযোগে মামলা হওয়ার পর থেকে জামিনের পূর্ব পর্যন্ত (১৪ থেকে ২০ ফেব্রুয়ারি) চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দাপ্তরিক কোনো কাজ করেছেন কি না, তা জানিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আগামী ৯ মার্চের মধ্যে এই প্রতিবেদন দিতে হবে।
২০ ফেব্রুয়ারি জামিন নেওয়ার সময় ওই ইউপি চেয়ারম্যান হাইকোর্টের স্বতঃপ্রণোদিত রুলের বিষয়টি বিচারিক আদালতকে অবহিত করেছিলেন কি না, তা-ও এই সময়ের মধ্যে জানাতে লক্ষ্মীপুরের সংশ্লিষ্ট বিচারিক হাকিমকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। চরমার্টিনের ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী ও কমলনগর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাসকে ৯ মার্চ আবার আদালতে হাজির হতে বলা হয়েছে।
ইউপি চেয়ারম্যান সালিসে কিশোরী ও পুরুষকে পেটালেন, ভিডিও ভাইরাল—এ নিয়ে ১৪ ফেব্রুয়ারি একটি অনলাইন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এটি ওই দিন আদালতের নজরে আনেন ব্লাস্টের আইন উপদেষ্টা এস এম রেজাউল করিম, সঙ্গে ছিলেন আইনজীবী শারমিন আক্তার। প্রতিবেদনটি বিবেচনায় নিয়ে ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল দেন, ব্যাখ্যা জানাতে ইউপি চেয়ারম্যান ও কমলনগর থানার ওসিকে ২২ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দেন। গতকাল তাঁরা হাজির হন।
গত ৩১ ডিসেম্বর কমলনগরে সালিসে এক কিশোরীসহ দুজনকে পেটান চরমার্টিনের ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী। মারধরের এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।