চট্টগ্রাম সিটি করপোরেশনের কর আদায়কারীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর আদায় করতে গিয়ে শাহ আলম নামে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কর আদায়কারী বেধড়ক পিটুনির শিকার হয়েছেন। গতকাল বুধবার সকালে চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসার লোকজন তাঁকে মারধর করেন। ওই বাড়ির লোকজন তাঁর কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা ও একটি মুঠোফোনসেটও কেড়ে নেন বলে শাহ আলম অভিযোগ করেন। সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এ ব্লকের ১৪০১ নম্বর একতলা বাসার আগের মূল্যায়ন (ভ্যালুয়েশন) ছিল ৩৫ হাজার টাকা। পরবর্তী সময়ে বাড়িটি পাঁচতলা পর্যন্ত নির্মাণ করায় সেটির মূল্যায়ন বেড়ে দুই লাখ ৩৯ হাজার টাকায় উন্নীত হয়। নিয়ম অনুযায়ী এই টাকার ১৭ শতাংশ এক বছরের কর হিসাবে সিটি করপোরেশনকে পরিশোধ করতে হবে।শাহ আলম প্রথম আলোকে বলেন, করের কথা বলার পর মালিক নাজমুল হক চৌধুরীর দুই ছেলে সজীব ও জিয়াউল হক এসে তাঁকে মারধর শুরু করেন। তাঁরা তাঁদের বাড়ির মূল্যায়ন ফি বেড়ে যাওয়ার জন্য তাঁকে দোষারোপ করেন। শাহ আলম বলেন, ‘আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে একতলা থেকে পাঁচতলা পর্যন্ত বাড়ার কারণে বাড়ির মূল্যায়নও বেড়েছে। কিন্তু আমার কোনো কথা না শুনেই তারা আমাকে মারতে থাকে।’ এ ব্যাপারে বাড়ির মালিক জিয়াউল হক ও তাঁর ভাই সজীবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের সাধারণ সম্পাদক আবুল মনসুর প্রথম আলোকে বলেন, ঘটনার পর দুই ভাই তাঁর কাছে গিয়েছিলেন। তিনি বলেন, জিয়া ও সজীব তাঁকে বলেছেন, আপিলের মাধ্যমে মূল্যায়ন কমানোর জন্য তাঁরা শাহ আলমকে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু মূল্যায়ন না কমায় তাঁরা ওই পাঁচ হাজার টাকা নিয়ে নিয়েছেন। তিনি বলেন, ‘দুই পক্ষের বক্তব্যে ফারাক থাকায় আমরা আর সমঝোতা করতে পারিনি।’ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করছি।’