চট্টগ্রাম সিটি করপোরেশনের সেই ২১ প্রকল্পের দরপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের দরপত্র মূল্যায়ন কমিটি নগরের ছয়টি ওয়ার্ডের ২১টি উন্নয়ন প্রকল্পের দরপত্র বাতিল করে দিয়েছে। এসব প্রকল্পের জন্য পুনরায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করার সিদ্ধান্ত নেয় কমিটি। তবে অন্য তিনটি প্রকল্পের দরপত্র বাতিল করা হয়নি।

আজ মঙ্গলবার দুপুরে করপোরেশনের দরপত্র মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ।

করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, ছয়টি ওয়ার্ডের ২১টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে ৯৩টি দরপত্র ফরম বিক্রি হয়েছিল। এসব প্রকল্পের মোট ব্যয় হচ্ছে এক কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। 

করপোরেশন গত ১৪ এপ্রিল চট্টগ্রাম নগরের ছয়টি ওয়ার্ডের ২৪টি প্রকল্পের দরপত্র চেয়ে বিজ্ঞপ্তি দেয়। দরপত্র বিক্রির শেষ দিন ছিল ২৯ এপ্রিল। কিন্তু ছাত্রলীগের কর্মীদের বাধার কারণে সাধারণ ঠিকাদারেরা ওই দিন বেলা দুইটা পর্যন্ত ২১টি প্রকল্পের দরপত্র ফরম সংগ্রহ করতে ব্যর্থ হন। পরে মেয়রের হস্তক্ষেপে তাঁরা দরপত্র সংগ্রহ করেন।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সালেহ প্রথম আলোকে বলেন, ‘মেয়র মহোদয়ের নির্দেশে ও দরপত্র মূল্যায়ন কমিটির সিদ্ধান্তে ২৪টি প্রকল্পের মধ্যে ২১টির দরপত্র বাতিল করা হয়েছে। এসব প্রকল্পের জন্য এখন নতুন দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হবে।’