চট্টগ্রাম সিটি করপোরেশনের ১১৯৫ কোটি টাকার বাজেট
চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৪-১৫ অর্থবছরের জন্য এক হাজার ১৯৫ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকালে করপোরেশনের মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র মন্জুর আলম।পাশাপাশি গত অর্থবছরের (২০১৩-১৪) এক হাজার ১০৬ কোটি ৩০ লাখ সাত হাজার টাকার প্রস্তাবিত বাজেটের বিপরীতে ৪৯৮ কোটি ৩৫ লাখ সাত হাজার টাকার সংশোধিত বাজেট পেশ করা হয়।
এবারের বাজেটে আয় খাতে সর্বোচ্চ বরাদ্দ ধরা হয়েছে উন্নয়ন অনুদান খাতে ৫৯০ কোটি টাকা। করপোরেশনের নিজস্ব উত্স হতে আয় ধরা হয়েছে ৫৬৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার টাকা।
এই অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে উন্নয়ন খাতে ৫৭২ কোটি ৪৫ লাখ টাকা। করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পারিশ্রমিক খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৫৯ কোটি ৬৮ লাখ ২০ হাজার টাকা।
গত অর্থবছরে উন্নয়ন খাতে ৫৪৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয় ধরা হলেও সংশোধিত বাজেটে তা কমে দাঁড়িয়েছে ১৪৬ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকায়। এর মধ্যে উন্নয়ন অনুদান পাওয়া গেছে ১২২ কোটি ১৭ লাখ ৫৭ হাজার টাকা।
বাজেট বক্তৃতায় মেয়র মন্জুর আলম বলেন, বাংলাদেশ রেলওয়ে, সিডিএ, বন্ধ হয়ে যাওয়া স্টিল মিল ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাছে ১২৫ কোটি ২৮ লাখ ৩২ হাজার টাকা পাওনা আছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিকট হতে পাওনা পৌরকর আদায় হলে কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতি সাধিত হতো।
সিটি করপোরেশনের অর্থ ও সংস্থাপন স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর জহিরুল আলম দোভাষ চলতি অর্থবছরের প্রস্তাবিত ও গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। অনুষ্ঠানে করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।