চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯১৫ কোটি টাকার বাজেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবকাঠামো উন্নয়ন ও সংস্কার খাতকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১১-১২ অর্থবছরের জন্য ৯১৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বাজেটে এ খাতকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তবে উন্নয়ন কর্মসূচি অর্ধেকও বাস্তবায়ন করতে পারেনি করপোরেশন। বাজেটে সর্বোচ্চ আয় দেখানো হয়েছে নিজস্ব উৎস থেকে, যার পরিমাণ ৬৪০ কোটি টাকা।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের টিআইসি মিলনায়তনে বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এ সময় সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী, অর্থ স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম ও প্রধান হিসাব নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র পাল উপস্থিত ছিলেন।বাজেট ঘোষণার পর অর্থ স্ট্যান্ডিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ২০১০-১১ অর্থবছরের সংশোধিত বাজেট ঘোষণা করেন। গত অর্থবছরের ৭৪১ কোটি ৫১ লাখ টাকার বাজেট সংশোধিত হয়ে ৩২৫ কোটি ৬৮ লাখ টাকায় নেমে এসেছে।গত অর্থবছরের বাজেটেও অবকাঠামো উন্নয়ন ও সংস্কার খাতকে প্রাধান্য দেওয়া হয়েছিল। তখন বরাদ্দ ছিল ৩৫৯ কোটি টাকা। কিন্তু তাতে মাত্র ১১২ কোটি টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন হয়েছে। এবারের বাজেটে এ খাতে সর্বোচ্চ ৪৪৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।মেয়র মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘উন্নয়ন প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ আমরা করতে পেরেছি। আনুপাতিক হারে জাতীয় বাজেটের চেয়ে এর পরিমাণ বেশি। ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে।’প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়ন ছাড়াও বেতনভাতা খাতে ১২৬ কোটি টাকা, বকেয়া পরিশোধে ১০৩ কোটি টাকা, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় ২৭ কোটি টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় ২৫ কোটি টাকা ও স্থায়ী সম্পদ খাতে ১১৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপস্থিত কাউন্সিলররা সর্বসম্মতভাবে বাজেট অনুমোদন দেন।বাজেট পেশকালে জানানো হয়, আগামী অর্থবছরে সড়ক, ফুটপাত, উদ্যান নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য ৩৪৪ কোটি টাকার এবং পর্যটন উন্নয়ন খাতে ১০০ কোটি টাকার প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বাজেট বক্তব্যে মেয়র বলেন, প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয়ের ব্যবধান কমিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনকে একটি স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। সিটি করপোরেশনের প্রধান আয়ের খাত গৃহকর। এ খাতে ব্যক্তিমালিকানাধীন বাসাবাড়ির কর বকেয়া ৮০ কোটি ৬৪ কোটি টাকা। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বকেয়ার পরিমাণ ৪০৭ কোটি টাকা। এর মধ্যে কেবল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বকেয়ার পরিমাণ ২৯৭ কোটি টাকা।মেয়র বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রেলের ৫৫ কোটি টাকা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আট কোটি ৮৪ লাখ টাকা ও স্টিল মিলের কাছে প্রায় সাত কোটি টাকা বকেয়া রয়েছে। সরকারি প্রতিষ্ঠান সময়মতো পৌরকর পরিশোধ করলে চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে।বাজেটের বাইরে এক হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে দেওয়ানহাট থেকে বিমানবন্দর পর্যন্ত উড়ালসড়ক ও দুই হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্প সরকারি অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।