চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট গ্রহণ হবে ৭১৯ কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার ৭১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এই নির্বাচনে ৭১৯টি কেন্দ্রে চার হাজার ৯০৬টি বুথ থাকবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ১৫ হাজার ৪৩৭ জন ভোট গ্রহণকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তাঁদের মধ্যে থাকবেন ৭১৯ জন প্রিসাইডিং কর্মকর্তা, চার হাজার ৯০৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও নয় হাজার ৮১২ জন পোলিং কর্মকর্তা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা শফিকুর রহমান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি, আধা-সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভোট গ্রহণকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার ভোটার সংখ্যা ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন। পুরুষ ভোটার নয় লাখ ৩৭ হাজার ৫৩ জন এবং নারী ভোটার আট লাখ ৭৬ হাজার ৩৯৬ জন। নির্বাচনে ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে সবচেয়ে বেশি ৪১টি ভোটকেন্দ্র রয়েছে। এ ওয়ার্ডে মোট ভোটার এক লাখ ২৩ হাজার ৯৭ জন। ২০১০ সালের জুনে অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ লাখ ৮৮ হাজার ৬৬৮ জন।

আজ সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে নয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে সৈয়দ সাজ্জাদ জোহা নামের এক মেয়র প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ পর্যন্ত মেয়র পদে ১৩ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৯৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।