চট্টগ্রাম সিটি নির্বাচনের ফল ঘোষণায় দেরির কারণ তদন্ত শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কিছু কেন্দ্রের ফল প্রকাশে দেরির কারণ এবং ফলাফল ঘোষণা স্থলের বাইরে সহিংসতার ঘটনার তদন্ত আজ মঙ্গলবার শুরু হচ্ছে। এ লক্ষ্যে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির একমাত্র সদস্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক গতকাল সোমবার চট্টগ্রাম এসেছেন।জানা গেছে, নির্বাচন কমিশন এই তদন্ত কমিটি গঠন করেছে। গত বছরের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মোহাম্মদ মন্জুর আলম আওয়ামী লীগ-সমর্থিত এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৭ জুন নির্বাচনের পর ফল প্রকাশের সময় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়ামের নিয়ন্ত্রণ কক্ষের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটে। ফলে ৬৭৩টি কেন্দ্রের মধ্যে ৬০টির ফল ঘোষণা হলেও বাকিগুলোর ফল ঘোষণায় দেরি হয়। এসব ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি চট্টগ্রাম এসেছে।জানা গেছে, তদন্ত কমিটি আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলমের সাক্ষাৎ কার গ্রহণ করবেন। কাল বুধবার আরেক প্রার্থী মহিউদ্দিন চৌধুরী, পুলিশ কমিশনার ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীর বক্তব্য শুনবেন। বৃহস্পতিবার কমিটি মুখ্য মহানগর হাকিম ও সাধারণ প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনবেন। প্রত্যক্ষদর্শী কেউ ওই ঘটনা সম্পর্কে সাক্ষ্য দিতে চাই তাহলে জেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।