চট্টগ্রাম সিটি মেয়র ও কাউন্সিলরদের শপথ কাল ঢাকায়
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান কাল রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে। মেয়র মোহাম্মদ মন্জুর আলম শপথ নেবেন প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হবে আগারগাঁওয়ে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে। এ জন্য মেয়র ও কাউন্সিলররা ট্রেনের দুটি বগি ভাড়া করে আজ শনিবার বিকেলে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ছেন।জানা গেছে, এর আগে মেয়রের শপথ অনুষ্ঠান ঢাকায় এবং কাউন্সিলরদের অনুষ্ঠান চট্টগ্রামে হওয়ার কথা ছিল। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনকে শপথ অনুষ্ঠানের পরিবর্তিত স্থান এবং সময়সূচি জানানো হয়। করপোরেশন সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সকাল ১০টায় মেয়র মন্জুর আলমকে শপথ পড়াবেন। বেলা সাড়ে ১২টায় স্থানীয় সরকারমন্ত্রী আশরাফুল ইসলাম শপথবাক্য পাঠ করাবেন ৫৫ জন ওয়ার্ড কাউন্সিলরকে। অনুষ্ঠান দুটিতে মেয়র ও কাউন্সিলররা উপস্থিত থাকবেন। রোববার রাতের ট্রেনের তাঁদের চট্টগ্রামে ফিরে আসার কথা।দলীয় সূত্র জানায়, শপথ অনুষ্ঠানের পর মেয়র মন্জুর ও বিএনপি সমর্থিত কাউন্সিলররা দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে তাঁরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ করবেন। আর আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলররা দেখা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে। দলীয় নেত্রীর সঙ্গে সাক্ষাৎ ও জিয়ার মাজার জিয়ারতের কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন মেয়র মন্জুর। নগরের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের আওয়ামী লীগের নবনির্বাচিত কাউন্সিলর জহরলাল হাজারী প্রথম আলোকে বলেন, ‘শপথের পর আওয়ামীপন্থী ৩১ কাউন্সিলর নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। গত ১৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত মন্জুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হন।