চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব বিভাগে পদোন্নতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মেয়রসহ পাঁচজনের বিরুদ্ধে উকিল নোটিশ দিয়েছেন রাজস্ব বিভাগের দুই কর্মী। তাঁরা হলেন সাবেক কর কর্মকর্তা ও বর্তমান উপকর কর্মকর্তা দবির আলম চৌধুরী ও কর আদায়কারী রতন ভট্টাচার্য।জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান রাজস্ব কর্মকর্তা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব—এই পাঁচজনকে উকিল নোটিশ দেওয়া হয়েছে। তবে নোটিশে স্পষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি।দবির আলম প্রথম আলোকে বলেন, ‘নোটিশে সব আছে। এ নিয়ে নতুন করে কিছু বলতে চাই না।’সুপ্রিম কোর্টের আইনজীবী হরি সাধন দেব বর্মণের সই করা উকিল নোটিশে উল্লেখ করা হয়, গত ৬ মার্চ রাজস্ব বিভাগে ১৭ জনকে পদোন্নতি দেওয়া হয়। ৩১ মার্চ এ পদোন্নতির বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের চিঠি দিয়ে জানানো হয়। কিন্তু কর কর্মকর্তা ও উপকর কর্মকর্তাসহ বিভিন্ন পদে পদোন্নতির সময় সঠিক নিয়ম অনুসরণ করা হয়নি। এ ক্ষেত্রে আইনের প্রতি কোনো তোয়াক্কা করা হয়নি।নোটিশে সিটি করপোরেশনের চারটি কর অঞ্চলকে আটটি কর অঞ্চলে পরিণত করার সিদ্ধান্তও অবৈধ দাবি করে বলা হয়, কর অঞ্চল অবৈধ হওয়ায় এসব জায়গায় বদলিও অবৈধ। এসব পদোন্নতিতে স্বেচ্ছাচারী এবং অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।উকিল নোটিশে ওই পদোন্নতির তালিকা ২ মে সকাল ১০টার মধ্যে বাতিল করে বাদীদের জানাতে বলা হয়। অন্যথায় বাদীদের পক্ষে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে।তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার পর্যন্ত হাইকোর্টে রিট করা হয়নি। সিটি করপোরেশনের কর আদায়কারী রতন প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার রিট আবেদন হাইকোর্টে তোলার কথা ছিল। কিন্তু আমাদের আইনজীবী অসুস্থ হওয়ায় সেটা সম্ভব হয়নি। এখন নতুন একজন জ্যেষ্ঠ আইনজীবী নিয়োগ করা হয়েছে। আশা করছি কাল সোমবারের মধ্যে আবেদনটি আদালতে উঠবে।’রতন অভিযোগ করেন, ‘আমাদের অনেক কনিষ্ঠ কর্মীকে পদোন্নতি দিয়ে আমাদের ওপরের চেয়ারে বসানো হয়েছে। এতে আমাদের সম্মানহানি হয়েছে। এ জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি।’উকিল নোটিশ সম্পর্কে মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তাঁদের বিরুদ্ধে চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা নিতে বলেছি।’নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম সিটি করপোরেশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন কর অঞ্চলকে চার থেকে আটটিতে বর্ধিত করা না-করার বিষয়টি কর্মচারীদের চিন্তার বিষয় নয়। পদোন্নতি নিয়ে কোনো সমস্যা হলে তাঁরা প্রতিকার চেয়ে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে পারতেন। তা না করে তাঁদের সরাসরি আদালতে যাওয়া উচিত হয়নি। আমরা তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি।’