চট্টগ্রাম সিটি মেয়রের শপথ ১৮ জুলাই
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মোহাম্মদ মন্জুর আলম ১৮ জুলাই এবং কাউন্সিলররা পরদিন ১৯ জুলাই শপথ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্জুর আলমকে ঢাকায় শপথ পাঠ করাবেন। আর কাউন্সিলরদের চট্টগ্রামে শপথ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নির্বাচন অনুষ্ঠানের প্রায় এক মাস পর এই শপথ অনুষ্ঠান হচ্ছে। গত সোমবার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের টেলিফোন করে শপথ অনুষ্ঠানের সময়সূচি জানানো হয়। পরে নবনির্বাচিত মেয়র এবং ৫৫ জন কাউন্সিলরকে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা টেলিফোন করে শপথ অনুষ্ঠানের বিষয়টি জানান।নবনির্বাচিত মেয়র মন্জুর আলম শপথের দিনক্ষণ ঠিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সিটি করপোরেশন আইন অনুযায়ী নির্বাচন শেষে গেজেট প্রকাশের পরবর্তী এক মাসের মধ্যেই মেয়র ও কাউন্সিলরদের শপথ করানোর বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনে বিজয়ীদের ব্যাপারে গেজেট প্রকাশিত হয় ২১ জুন। গত ১৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনবারের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে এবার মেয়র নির্বাচিত হন মন্জুর আলম।