চট্টগ্রাম-সিলেট পথে দুটি ট্রেনের বিলম্বে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইঞ্জিন-সংকটের কারণে চট্টগ্রাম-সিলেট রেলপথের পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস নামে দুটি আন্তনগর ট্রেন ১৬ দিন ধরে তিন ঘণ্টা করে বিলম্বে চলাচল করছে। এতে ওই দুটি ট্রেনের যাত্রীরা ভোগান্তি পোহাচ্ছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-সিলেট রেলপথে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। এর মধ্যে পাহাড়িকা এক্সপ্রেস নামের আন্তনগর ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে সকাল সাড়ে আটটায় ছেড়ে সিলেট স্টেশনে সন্ধ্যা সাড়ে ছয়টায় পৌঁছে। অন্যদিকে উদয়ন এক্সপ্রেস চট্টগ্রাম থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে সিলেটে সকাল ছয়টায় পৌঁছায়। ৫ অক্টোবর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন লাকসাম স্টেশনে বেলা ১২টায় বিকল হয়ে যায়। ওই ইঞ্জিন মেরামত করে ট্রেনটি চালু করতে দুইটা বেজে যায়। এতে এ পথের ট্রেন দুটি ১৬ দিন ধরে তিন ঘণ্টা বিলম্বে চলাচল করছে। ইঞ্জিন না থাকায় যথাসময়ে ট্রেন দুটি বিভিন্ন স্টেশনে পৌঁছাতে পারছে না।সিলেট আখাউড়া সেকশনের শায়েস্তাগঞ্জ স্টেশনের মাস্টার কাজী শহিদুর রহমান ও শমশেরনগর স্টেশনের মাস্টার মো. শাহজাহান খান বলেন, ইঞ্জিনস্বল্পতার কারণে একটি ইঞ্জিন দিয়ে দুটি আন্তনগর ট্রেন চালাতে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সিলেট স্টেশনে এই ইঞ্জিনটি ওয়াশ (পরিষ্কার) করতে গিয়ে আরও প্রায় কিছু সময় লেগে যায়। বাংলাদেশ রেলওয়ের ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. নাজমুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘ ইঞ্জিনস্বল্পতার কারণে ট্রেনগুলো বিলম্বে চলাচল করছে। আশা করি দুই-তিনদিনের মধ্যে ট্রেন দুটি স্বাভাবিক সময়ে চলাচল করতে পারবে।’