চট্টগ্রাম স্টেশনে আড়াই ঘণ্টায় ৩৮০০ টিকিট শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলস্টেশনে গতকাল রোববার আড়াই ঘণ্টার মধ্যে তিন হাজার ৮০০ টিকিট বিক্রি হয়েছে। সকাল নয়টায় ঢাকা, সিলেট ও চাঁদপুরগামী আটটি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়ে তা সাড়ে ১১টার মধ্যে শেষ হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, টিকিটের জন্য শনিবার রাত থেকে লোকজন চট্টগ্রাম স্টেশনে ভিড় জমায়। প্রতিটি কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। বিশৃঙ্খলা ঠেকাতে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যদের রেলওয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা সহযোগিতা করেন। রেলওয়ে সূত্র জানায়, ঢাকা, সিলেট ও চাঁদপুরগামী আন্তনগর ও এক্সপ্রেস আটটি ট্রেনের টিকিট চট্টগ্রাম থেকে ছাড়া হয়। ট্রেনগুলো হচ্ছে—ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতি, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলি ও তূর্ণা নিশিথা, সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস।চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক এ এ সামসুল আলম প্রথম আলোকে বলেন, মোট ধারণক্ষমতার ৬৫ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টার থেকে ছাড়া হয়েছে। ২৫ শতাংশ টিকিট বিক্রি করেছে মুঠোফোন কোম্পানিগুলো। বাকি ১০ শতাংশের মধ্যে পাঁচ শতাংশ ভিআইপি যাত্রী ও পাঁচ শতাংশ রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। সামসুল আলম আরও বলেন, সকাল নয়টায় টিকিট বিক্রি শুরু হয়। সংরক্ষিত ১০ শতাংশ ছাড়া বাকি ৬৫ শতাংশ টিকিট বেলা সাড়ে ১১টার মধ্যে বিক্রি শেষ হয়েছে। সারিবদ্ধভাবে যাঁরা কাউন্টারের সামনে ছিলেন, তাঁদের কেউ টিকিট না নিয়ে ফিরে যাননি। তিনি বলেন, এবারের ব্যবস্থাপনায় যাত্রীরা সন্তুষ্ট। টিকিট বিক্রি শেষ হওয়ার পর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রীর চাপ কমে যায়। গতকাল সন্ধ্যা নাগাদ আবার যাত্রীদের চাপ বাড়ার কথা। পরদিন সোমবার অর্থাৎ আজকের টিকিটের জন্য গতকাল সন্ধ্যা থেকে যাত্রীরা ভিড় করবে বলে কর্মকর্তারা জানান। ২৬ আগস্ট ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী এহসানুল আলম প্রথম আলোকে বলেন, তিনি সেহির খেয়ে স্টেশনে যান। সেখানে গিয়ে শত শত মানুষের ভিড় দেখতে পান। তবুও লাইনে দাঁড়িয়েছিলেন। অনেক কষ্টে কাউন্টার থেকে তিনটি টিকিট পেয়েছেন। তবে অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি। কাউন্টার পর্যন্ত পৌঁছানোর আগেই টিকিট শেষ হয়ে গেছে বলে তাঁরা জানান।