চট্টগ্রাম স্টেশনে গাছ কর্তন
চট্টগ্রাম রেলস্টেশনে গাড়ি পার্কিংয়ের জন্য প্রায় দেড় ডজন গাছ কেটে ফেলা হয়েছে। আরও কয়েকটি গাছও কেটে ফেলা হবে বলে জানা গেছে। ওই এলাকাটি আগে দখলে ছিল। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত সেখান থেকে অবৈধ উচ্ছেদ অভিযান চালান।
গতকাল চট্টগ্রাম নতুন স্টেশনের পাশের জায়গা থেকে দেড় ডজনের মতো কড়ই, মেহগনি, রেইনট্রি ও বাদামগাছ কেটে ফেলা হয়। ঠিকাদাির প্রতিষ্ঠান গাছগুলো কেটে সেখানে গাড়ি পার্কিংয়ের উন্নয়নকাজ শুরু করবে।
রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-৩ মহিউদ্দিন আরিফ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম স্টেশনের উন্নয়নকাজ চলছে। এর মধ্যে গাড়ি পার্ক করার জায়গার উন্নয়নকাজ অন্তর্ভুক্ত রয়েছে। একটি জায়গা উন্নয়নের জন্য কিছু গাছ তো কাটা পড়বে।’
মহিউদ্দিন আরিফ আারও বলেন, ‘ম্যাক্স নামের একটি প্রতিষ্ঠান এসব উন্নয়নকাজের ঠিকাদার হিসেবে নিযুক্ত হয়। উন্নয়নকাজ শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত সংশ্লিষ্ট জায়গার মালিকানা ঠিকাদার প্রতিষ্ঠানের। সেখানে কী গাছ আছে এবং কয়টি গাছ আছে সেটা ঠিকাদার প্রতিষ্ঠানের বিষয়। গাছের মালিকানাও তাঁদের হাতে ন্যস্ত। পার্কিংয়ের জন্য গাছ কাটতে হলে আমাদের বলার কিছু নেই। কারণ, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ঠিকাদারকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে।’
রেলওয়ে বিভাগীয় ভূমি কর্মকর্তা ও সরকারের উপসচিব মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নতুন স্টেশনের কাছে প্রায় এক একর জায়গা থেকে সম্প্রতি অবৈধ উচ্ছেদ চালিয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। সেখানে আগে হকার ও ভাসমান লোকজন থাকত। কিছু গাছও সেখানে আছে। গাড়ি পার্কিংয়ের জন্য ওই জায়গায় উন্নয়নকাজ শুরু হবে। তাই গাছগুলো কেটে ফেলা হচ্ছে।’