চট্টগ্রাম স্টেশনে টিকিটের জন্য উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্টারে টিকিট না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক ১৫-২০ জন ছাত্র গতকাল বুধবার সকালে চট্টগ্রাম স্টেশনে উত্তেজনা সৃষ্টি করেছেন। এ সময় ছাত্ররা স্টেশনের রিজার্ভেশন কার্যালয় থেকে দুজন কর্মীকে বের করে দেন। পরে প্রতিবন্ধী কোটা থেকে টিকিট দেওয়ার পর ছাত্ররা স্টেশন ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বেলা পৌনে ১১টার দিকে স্টেশনের ৩ নম্বর কাউন্টারে এসে ঢাকাগামী মহানগর তূর্ণা এক্সপ্রেসের টিকিট দাবি করেন কয়েকজন ছাত্র। তাঁরা এবার চট্টগ্রাম সিটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেছেন। এ সময় কাউন্টার থেকে বলা হয়, সব টিকিট বিক্রি হয়ে গেছে। টিকিট না পেয়ে ছাত্ররা উত্তেজনা সৃষ্টি করলে কাউন্টারের বুকিং ক্লার্ক তাঁদের রিজার্ভেশন কক্ষে যাওয়ার পরামর্শ দেন। এরপর প্ল্যাটফর্মের রিজার্ভেশন কক্ষে গিয়ে ছাত্ররা বুকিং ক্লার্কসহ দুজনকে বের করে দেন।
চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে টিকিটির চাহিদা ব্যাপক বেড়ে গেছে। এ কারণে কাউন্টারে টিকিট ছিল না। তবে আজ (গতকাল বুধবার) রাতের তূর্ণা এক্সপ্রেসের প্রতিবন্ধী কোটার ২০টি টিকিট ছিল। ওই টিকিটগুলো থেকে ১৩টি ছাত্রদের দিয়ে আমরা নিবৃত্ত করি। টিকিট পাওয়ার পর ছাত্ররা শান্তভাবে স্টেশন ত্যাগ করেন।’