চট্টগ্রাম স্বাস্থ্যমন্ত্রীর মতবিনিময় সভা
চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৩৩তম বিসিএসে নিয়োগ পাওয়া চিকিৎসকদের দুই বছর গ্রামে থাকতে হবে। তা না করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁদের কাজ হচ্ছে জনগণের সেবা করা।
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম বিভাগের সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবিকা-সংকট দূর করার জন্য শিগগির ১০ হাজার সেবিকা নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আলাউদ্দিন মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ শামসুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী ও ওয়াসিকা আয়েশা খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আইয়ুবুর রহমান খান, অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নূরুল হক প্রমুখ।