চট্টগ্রাম-হাটহাজারী সড়কে অসহনীয় যানজট
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বড়দীঘিরপাড় থেকে ইসলামিয়াহাট পর্যন্ত অসহনীয় যানজটে পর্যুদস্ত যাত্রীরা। এ পথেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও রাঙামাটি ও খাগড়াছড়িতে পর্যটকেরা যাতায়াত করেন। শীতকাল বলে পর্যটকদের যাতায়াতও বেড়ে গেছে। রাস্তার ওপর কাঁচাবাজার বসানো এবং গাড়ি থামিয়ে রাখার কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। পর্যটক ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষকেরা এই পথে যাতায়াত করে আসছেন। স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনা ও নজরদারির অভাবের কারণে রাস্তার ওপর কাঁচাবাজার বসছে। রাস্তার দুই পাশেই থামিয়ে রাখা হয় গাড়ি। এ ছাড়া রাস্তার পাশে নির্মাণসামগ্রীও পড়ে থাকতে দেখা গেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বড়দীঘিরপাড় থেকে ইসলামিয়াহাট পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ পার হতে কমপক্ষে ৩৫ থেকে ৪০ মিনিট লাগছে। প্রতি শুক্রবারে তা ঘণ্টা পার হয়ে যায়। রাস্তার পাশেই কাঁচাবাজার বসানোর কারণে এই পথে ধীরগতিতে গাড়ি চলাচল করে আসছে। আর বিভিন্ন বাজারে লোকাল বাসে যাত্রী ওঠানামা করানো হলে পেছনের গাড়িগুলো আর সামনের দিকে যেতে পারে না। একাধিক ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সড়কে যানজট নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের নজরদারির যথেষ্ট অভাব রয়েছে। এ কারণে চালকেরা রাস্তায় যত্রতত্রভাবে গাড়ি থামিয়ে রাখেন। এ ছাড়া রাস্তার ওপর কাঁচাবাজার বসানো হয়। এতে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, অক্সিজেন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত যেতে সর্বোচ্চ ৩০ থেকে ৩৫ মিনিট লাগার কথা। কিন্তু ঘণ্টা পেরিয়ে গেলেও গন্তব্যে পৌঁছা সম্ভব হয় না। চট্টগ্রাম জেলা প্রশাসক এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘বড়দীঘি থেকে ইসলামিয়াহাটের মধ্যে চৌধুরীহাট ও ফতেয়াবাদের অবস্থান। এই দুটি জায়গায় যানজট অসহনীয় পর্যায়ে চলে গেছে। কারণ, সেখানে রাস্তার ওপর কাঁচাবাজার বসছে। আমরা চাই বাজার না বসুক। পুলিশ চাইলে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে।’সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত সড়ক চওড়া করার কাজ ধীরগতিতে চলছে। এই প্রকল্পের কাজ শেষ করতে আরও অনেক সময় লাগবে। তবে প্রশাসন উদ্যোগী হলে রাস্তার দুই পাশ থেকে কাঁচাবাজার সরিয়ে নিতে পারে। আর যেসব গাড়ি থামিয়ে রাখা হয়, তা সরানো হলে এ পথে কোনো যানজট থাকার কথা নয়। প্রকৌশলী রানা প্রিয় আরও বলেন, ‘মাস দেড়েক আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই সময় লক্ষাধিক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা শহর থেকে ক্যাম্পাসে যান। আবার শহরে ফিরে আসেন। স্থানীয় পুলিশ প্রশাসন রাস্তার দুই পাশ থেকে গাড়ি ও কাঁচাবাজার সরিয়ে নিয়েছে বলে ওই সময় মাত্র ৩০ মিনিটে শহর থেকে ক্যাম্পাসে যাওয়া সম্ভব হয়েছে।’চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পরীক্ষার সময় ভর্তি-ইচ্ছুকদের যাতায়াত নির্বিঘ্ন করতে আমরা ক্যাম্পাস ও রাস্তায় ৪০০ পুলিশ মোতায়েন করেছি। এ কারণে খুব স্বল্প সময়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা গন্তব্যে পৌঁছতে পেরেছেন। সব সময় তো এত বিপুল পুলিশ দেওয়া সম্ভব নয়। তবে যানজট নিরসনের জন্য স্থানীয় কাঁচাবাজারের ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকেরা সচেতন হতে হবে। আমরাও তাঁদের উদ্বুদ্ধ করতে পারি।’