চট্টগ্রাম-হাটহাজারী সড়কে হামলা ও ভাঙচুরের ঘটনায় চার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ডাকা হরতালের সময় চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের ঘটনায় চারটি মামলা হয়েছে। গত সোমবার গভীর রাতে পুলিশ বাদী হয়ে বায়েজিদ থানায় দুটি এবং হাটহাজারী থানায় দুটি মামলা দায়ের করে। এসব মামলায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন হাজার মানুষকে আসামি করা হয়েছে। নাম উল্লেখ থাকা ১৩ জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) প্রিটন সরকার বাদী হয়ে দুটি মামলা করেন। পুলিশের কাজে বাধাদান, অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই থেকে তিন হাজার মানুষকে আসামি করা হয়। একই কর্মকর্তা বাদী হয়ে দ্রুত বিচার আইনে অপর মামলাটি করেন। এতে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই-তিন হাজার মানুষকে আসামি করা হয়।বায়েজিদ থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া ১৩ জন উভয় মামলার আসামি।হাটহাজারী থানায় দায়ের করা ভাঙচুরের মামলার বাদী হলেন এসআই গোলাম কিবরিয়া এবং কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা মামলার বাদী হলেন এসআই ওমর ফারুক। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভাঙচুরের মামলায় দুজনের নাম উল্লেখসহ অনেককে এবং কাজে বাধাদানের ঘটনায় ১০ জনের নাম উল্লেখসহ অনেককে আসামি করা হয়। তবে হাটহাজারী থানায় কেউ গ্রেপ্তার হয়নি।গত সোমবার হরতাল চলাকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের অক্সিজেন বালুচরা থেকে চৌধুরীহাট পর্যন্ত হাটহাজারী বড় মাদ্রাসার শিক্ষার্থীরা দেড় শতাধিক বাস ভাঙচুর করে। এ সময় পুলিশ, এলাকাবাসী এবং বাস যাত্রীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।