চট্টগ্রাম-১২ আসনে উপনির্বাচন শুরু হয়েছে আগাম প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে উপনির্বাচনের আগাম প্রচারণা শুরু হয়েছে। সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর শূন্য আসনে তফসিল ঘোষণার আগেই পোস্টার লাগিয়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। কেউ আবার আগাম প্রচারণাও শুরু করেছেন। স্থানীয় বিএনপি ও জাতীয় পার্টির কয়েকজন নেতা আগাম প্রচারণার অংশ হিসেবে পোস্টার বের করেছেন। এর মধ্যে জাতীয় পার্টির নগর সদস্যসচিব তপন চক্রবর্তী, বিএনপির আলোচিত নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দিনের বড় ছেলে চৌধুরী ফরমান রেজা ও আবু মো. নিপারসহ আরও অনেকের পোস্টার সাঁটানো হয়েছে। তাঁদের অনেকে ভোটারদের কাছেও যাচ্ছেন। আওয়ামী লীগের নেতাদের মধ্যে এখনো প্রকাশ্যে মনোনয়ন দৌড় শুরু হয়নি বলে জানা গেছে। তবে গত ৩০ নভেম্বর নগরের লালদীঘি মাঠে বাবু স্মরণে আয়োজিত শোকসভায় তাঁর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরীকে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী পরিচয় করিয়ে দেন। সাজেদা চৌধুরী তাঁকে দেখিয়ে বলেছেন, ‘বাবু ভাই না থাকলেও তাঁর সন্তানকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা তাঁর বাসায় যাবেন এবং তাঁর পরিবারের খোঁজখবর রাখবেন।’ জানতে চাইলে সাইফুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাবার মৃত্যুর পর শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। নির্বাচনী তফসিল ঘোষণা হোক। তারপর দেখা যাবে।’ উপনির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে শেখ হাসিনার মৌখিক সিদ্ধান্ত পাওয়ার কথা স্বীকার করেন সাইফুজ্জামান চৌধুরী।আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক বলেন, ‘সাইফুজ্জামান হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী। আনোয়ারা-কর্ণফুলীতে তাঁর কোনো বিকল্প নেই।’সরেজমিনে দেখা গেছে, পোস্টার লাগানোর ক্ষেত্রে জাতীয় পার্টির নগর সদস্যসচিব তপন চক্রবর্তী এ ক্ষেত্রে সবাইকে ছাপিয়ে গেছেন। জাপা থেকে তাঁকে ইতিমধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দাবি করে পোস্টার বের করেন তিনি। জানতে চাইলে তপন চক্রবর্তী বলেন, ‘আগামী নির্বাচনের জন্য সারা দেশে ২১০ জনের প্রার্থিতা চূড়ান্ত করেছে জাপা। আমিও ওই তালিকায় আছি। এর মধ্যে বাবু ভাই মারা যাওয়ায় কেন্দ্র থেকে আমাকে ওখানে নির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন।’স্থানীয় জাতীয় পার্টি গত ৩০ নভেম্বর বিকেলে আনোয়ারা কলেজ মাঠে সভা করে তপনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এ ব্যাপারে উপজেলা জাপার যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আনোয়ারায় জেলা অনুমোদিত একটি আহ্বায়ক কমিটি আছে। এটি উপজেলার ইউনিয়নে ইউনিয়নে বর্ধিত সভা করে ১৫ ডিসেম্বর সম্মেলন করার প্রস্তুতি নিয়েছে। তপন চক্রবর্তী নিজেকে এরশাদের প্রার্থী বলে বিভিন্ন স্থানে পরিচিত করছেন, যা সংগঠনবিরোধী। তাই তাঁকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম।’সরেজমিনে দেখা গেছে, তপন ছাড়াও বিএনপির চৌধুরী ফরমান রেজা ও আবু মো. নিপার পোস্টারিং করেছেন। আনোয়ারা সদর, বটতলী, চৌমুহনী বাজার, কলেজ রোড, বৈরাগসহ বিভিন্ন স্থানে এসব পোস্টার দেখা যাচ্ছে। চৌধুরী ফরমান রেজার পোস্টারে লেখা রয়েছে ‘চট্টগ্রাম-১২ আনোয়ারা-পশ্চিম পটিয়া আসনে উন্নয়নের সুযোগ দিন।’ চৌধুরী ফরমান রেজা এ প্রসঙ্গে বলেন, ‘এলাকাবাসী আমাকে নির্বাচন করার জন্য বলছেন। আমি বিএনপি থেকে মনোনয়ন চাইব। যদি দল প্রার্থী না দেয়, তাহলে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা আছে।’গত ৪ নভেম্বর আখতারুজ্জামান চৌধুরী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৫ নভেম্বর তাঁর আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।