চট্টগ্রামকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নিতে আগস্ট থেকে কাজ শুরু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও উন্নয়ন সংগঠন চিটাগং রিসার্চ ইনিশিয়েটিভের (সিআরআই) সমন্বয়কারী হোসেন জিল্লুর রহমান বলেছেন, ‘চট্টগ্রামকে তথ্যপ্রযুক্তি খাতে এগিয়ে নিতে আগস্ট মাস থেকে কাজ শুরু হবে। আমরা এ সময়ের মধ্যে একটি কর্মপরিকল্পনা তৈরি করব এবং সেই হিসেবে পরবর্তীকালে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।’

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান এসব কথা বলেন। এতে তিনি সঞ্চালকের দায়িত্ব পালন করছিলেন।

বিশ্বব্যাংক ও কোরিয়ান গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ ইনস্টিটিউট ফর হিউম্যান সেটেলমেন্টসের সহযোগিতায় ‘প্রোমোটিং চিটাগং এজ এন আইসিটি হাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র এম মন্জুর আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের সেক্টর ম্যানেজার মিং জং, জ্যেষ্ঠ অবকাঠামো বিশেষজ্ঞ স্নেহহুয়া ওয়াং, নগর বিশেষজ্ঞ হুয়াং চায় ইয়াং প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম মন্জুর আলম বলেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে নেওয়ার জন্য সুনির্দিষ্ট অবকাঠামো বা প্রতিষ্ঠানের প্রয়োজন। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের সহযোগিতা থাকবে।