চট্টগ্রামকে নারীবান্ধব করতে প্রার্থীদের কাছে মহিলা পরিষদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তাঘাট, পরিবহন, কাঁচাবাজার—চট্টগ্রামের কোনোটাই নারীবান্ধব নয়। নিরাপদ পরিবেশ না থাকায় সব বয়সের নারীদের নানাভাবে সহিংসতার শিকার হতে হচ্ছে। চট্টগ্রামের নারীরা জনকল্যাণমুখী, নিরাপদ, নারীবান্ধব সিটি করপোরেশন চান। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষে সিটি করপোরেশনের প্রার্থী, নির্বাচন কমিশন ও জনগণের উদ্দেশে ৪৩ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে জলাবদ্ধতা দূর করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাসহ নারীদের নিরাপত্তা নিশ্চিত, নারী উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ, নির্বাচনের সময়ে ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম শাখার সভাপতি লতিফা কবির। লিখিত বক্তব্যে বলা হয়, সিটি করপোরেশন ও অন্যান্য সেবাদানকারী সংস্থার অপরিকল্পিত এবং সমন্বয়হীন কাজের জন্য নাগরিকদের প্রতিনিয়ত দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। জলাশয়গুলো দখল হয়ে যাচ্ছে, অসহনীয় যানজটে দুর্দশার শেষ নেই। নারীদের চলাচলেও নেই কোনো নিরাপত্তা।
লিখিত বক্তব্যে মহিলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের প্রতি ২৪ দফা, নির্বাচন কমিশনের প্রতি ১৫ দফা ও সাধারণ মানুষের প্রতি ৪ দফা দাবি তুলে ধরে। প্রার্থীদের প্রতি যানজটমুক্ত শহর করতে পরিকল্পিত বাস ও রিকশাস্ট্যান্ড তৈরির পাশাপাশি গণপরিবহনের সংখ্যা বাড়ানো, খেলার মাঠ, সবুজায়ন নিশ্চিত করা, বিদ্যালয় ও হাসপাতালে সেবার মান বাড়ানো, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, কর্মজীবী নারীদের হোস্টেল, গণশৌচাগার, মহিলা বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়।
নির্বাচনে যাতে সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারে তা নিশ্চিত করা, নারী প্রার্থীদের নিরাপত্তা প্রদান, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের ক্ষেত্রে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের দাবি জানানো হয় নির্বাচন কমিশনের প্রতি। এ ছাড়া দুর্নীতিবাজ, মুক্তিযুদ্ধবিরোধী, কালোটাকা, পেশিশক্তি ও নারী নির্যাতনকারীদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।
লতিফা কবির বলেন, ‘আমাদের চাই নির্বাচনে যাঁরাই জয়ী হবেন, তাঁরা এসব দাবি অনুযায়ী কাজ করবেন। নারী কাউন্সিলররাও যাতে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনের সুযোগ পান, সেদিকেও নজর দিতে হবে।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শিরিন আকতার, অর্থ সম্পাদক পূর্বা দাশ, লিগ্যাল এইড সম্পাদক নিলুফার জাহান, সদস্য গৌরী চক্রবর্তী, গোপা দত্ত, নেলী দত্ত, মিতা দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।