চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রা এগিয়ে এল
ঢাকা থেকে কেবল চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের যাত্রার সূচি এক ঘণ্টা ২০ মিনিট এগিয়ে আনা হয়েছে। তবে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণের যাত্রা অপরিবর্তিত থাকবে। আগামীকাল বুধবার থেকে নতুন সূচিতে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস চলাচল করবে। এ জন্য চট্টগ্রামগামী মহানগর গোধূলির সূচি এক ঘণ্টা ২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। রেলওয়ে সূত্র জানায়, নতুন সূচি অনুযায়ী প্রতিদিন বিকেল চারটা ৪০ মিনিটের পরিবর্তে তিনটা ২০ মিনিটে সূবর্ণ এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে। তবে ঢাকার উদ্দেশে সকাল সাতটায় এটি চট্টগ্রাম ছাড়বে। রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘বুধবার থেকে বিকেল চারটা ৪০ মিনিটের পরিবর্তে তিনটা ২০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করবে।’ রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচলন কর্মকর্তা মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সুবর্ণ এক্সপ্রেসের যাত্রার সূচি ঠিক করতে ঢাকাগামী মহানগর গোধূলির সূচি পিছিয়ে দিতে হয়েছে। গোধূলি বুধবার থেকে বিকেল তিনটা ২০ মিনিটের পরিবর্তে চারটা ৪০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে।’