চট্টগ্রামসহ ছয় জেলায় রোহিঙ্গা শুমারি শুরু হচ্ছে
দেশে অনিবন্ধিত রোহিঙ্গার (মিয়ানমারের নাগরিক) সংখ্যা কত, তা বের করতে ছয় জেলায় শুমারি হচ্ছে। শুমারিতে রোহিঙ্গাদের তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁদের ছবিও তোলা হবে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও পটুয়াখালী জেলায় এ শুমারি করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। শুমারির মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের অন্তর্নিহিত কারণ বের করা যাবে বলে ভাবা হচ্ছে।
১২ ফেব্রুয়ারি থেকে মাঠপর্যায়ে খানা (পরিবার) তালিকার কাজ শুরু হবে। অনিবন্ধিত রোহিঙ্গাদের সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা এ শুমারির অন্যতম উদ্দেশ্য বলে জানান প্রকল্প কর্মকর্তারা। তাঁরা বলেন, বর্তমানে কক্সবাজারে দুটি শরণার্থী শিবিরে ৩৩ হাজার নিবন্ধিত রোহিঙ্গা রয়েছে।
‘বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমারের নাগরিক শুমারি’ নামের প্রকল্পটি গত বছরের ১০ মে পরিকল্পনা কমিশনে পাস হয়। রোহিঙ্গা শুমারির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকা। ২০১৫ সালের এপ্রিল থেকে এ বছরের মার্চ পর্যন্ত প্রকল্পের মেয়াদ ধরা হয়। তবে সময়মতো টাকা না পাওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে বলে জানান প্রকল্পের পরিচালক আলমগীর হোসেন। গতকাল সোমবার মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, প্রকল্পের সময় বাড়ানোর জন্য সুপারিশ করা হয়েছে। প্রথমে খানা তালিকা তৈরির কাজ হবে। এরপর আগামী মার্চের শেষ সপ্তাহ থেকে চূড়ান্ত শুমারির কাজ শুরু হবে। এমনভাবে শুমারির প্রশ্নপত্র করা হয়েছে, যাতে ছয় জেলায় অবস্থানরত রোহিঙ্গাদের আত্মীয়স্বজন বা পরিচিত কেউ অন্য জেলায় থাকলে তাঁদের তথ্যও পাওয়া যায়।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, মিয়ানমারে জাতিগত দাঙ্গা ও বাংলাদেশের আর্থসামাজিক সুযোগ-সুবিধার কারণে সীমান্ত দিয়ে অবৈধভাবে মিয়ানমারের নাগরিকেরা এ দেশে প্রবেশ করছে। আনুমানিক তিন থেকে পাঁচ লাখ রোহিঙ্গা এ দেশে বাস করছে বলা হলেও এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যত্রতত্র বাসস্থান গড়ে তোলায় বনভূমি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। পরিবারের দৈনন্দিন চাহিদা মেটানো ও জীবিকার জন্য বিভিন্ন সুযোগসন্ধানী গোষ্ঠীর প্রলোভনে পড়ে তাঁদের অনেকে বিভিন্ন অপরাধেও জড়িয়ে পড়ছে। এ ছাড়া রোহিঙ্গাদের জীবনযাত্রাও অত্যন্ত মানবেতর। তাঁদের মানবিক চাহিদা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায় থেকে বাংলাদেশের প্রতি অব্যাহত অনুরোধ রয়েছে।
বিবিএস সূত্র জানায়, রোহিঙ্গা শুমারির জন্য ‘বি’ ‘এম’ ও ‘এক্স’—এই তিনটি ক্যাটাগরিতে খানার তালিকা করা হবে। ‘বি’ ক্যাটাগরি হচ্ছে, যে খানার প্রত্যেক সদস্যই বাংলাদেশি। এম ক্যাটাগরি হচ্ছে, যে খানার প্রত্যেক সদস্যই বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমারের নাগরিক। এক্স ক্যাটাগরি হচ্ছে, যে খানায় বাংলাদেশি ও অনিবন্ধিত মিয়ানমারের নাগরিক বসবাস করছেন। অর্থাৎ যেসব রোহিঙ্গা বাংলাদেশে বিয়ে করেছেন, তাঁরা এক্স ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন। এক্স ক্যাটাগরির অনিবন্ধিত নাগরিকদের বের করাটা কিছুটা কঠিন হবে বলে মনে করছেন প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা। এটি বের করতে জনপ্রতিনিধিসহ স্থানীয় মানুষের সহযোগিতা প্রয়োজন হবে তাঁরা মনে করেন।
গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বিবিএসের প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জেলা শুমারি কমিটির সভা হয়। চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা শুমারি কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন সভায় বলেন, এই শুমারি মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের সুবিধার্থে করা হচ্ছে, এ বার্তাটি তাদের কাছে পৌঁছে দিতে হবে। না হলে পুশব্যাকের ভয়ে অনেকেই সঠিক তথ্য দেবে না। স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যদের কাছে রোহিঙ্গাদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য থাকে। সে কারণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে কাজটি করতে হবে।
প্রকল্পটির বিভাগীয় শুমারি সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন বিবিএস চট্টগ্রাম কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. এমদাদুল হক। প্রথম আলোকে তিনি বলেন, খানা তালিকার কাজ করতে চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলাকে ২১১টি জোনে ভাগ করা হয়েছে। ৭২৭ জন সুপারভাইজার ও ৬ হাজার ১৪০ জন তালিকাকারী খানার তালিকা করবেন। ১২ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি খানা তালিকার কাজ চলবে।
মো. এমদাদুল হক বলেন, খানা গণনা শেষ হলে বাংলাদেশি নাগরিকদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। এরপর এম ও এক্স ক্যাটাগরির মিয়ানমারের নাগরিকদের ওপর শুমারি চালানো হবে। চূড়ান্ত শুমারিতে রোহিঙ্গাদের বিষয়ে যাবতীয় তথ্য বের করা যাবে।