চট্টগ্রামসহ পাঁচ জেলা পৌনে ২ ঘণ্টা বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে চট্টগ্রাম নগরের বিদ্যুৎ ছিল না। এতে বিদ্যুৎ না থাকায় জনজীবনে ভোগান্তিতে পড়েছে। মোমবাতি জ্বালিয়ে পড়ালেখা করছে এক শিক্ষার্থী। ছবিটি বুধবার সন্ধ্যা ৭টায় নগরের হাজারী লাইন এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে চট্টগ্রাম নগরের বিদ্যুৎ ছিল না। এতে বিদ্যুৎ না থাকায় জনজীবনে ভোগান্তিতে পড়েছে। মোমবাতি জ্বালিয়ে পড়ালেখা করছে এক শিক্ষার্থী। ছবিটি বুধবার সন্ধ্যা ৭টায় নগরের হাজারী লাইন এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

চট্টগ্রামের হাটহাজারী গ্রিডে দুই দফা বিপর্যয়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজারসহ পাঁচ জেলা প্রায় পৌনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় ত্রুটি সারানোর পর ধীরে ধীরে চট্টগ্রামে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়। তবে রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নগরের কিছু এলাকায় বিদ্যুৎ আসেনি।

পিডিবি সূত্র জানায়, হাটহাজারী বিদ্যুৎ গ্রিডের ২৩০ কেভির সঞ্চালন লাইন ট্রিপ করলে বুধবার দুপুরে প্রায় ৪৫ মিনিট বৃহত্তর চট্টগ্রামের পাঁচটি জেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে থাকে। প্রায় চার ঘণ্টা পর একই গ্রিডের একটি ট্রান্সফরমারের ব্রেকার অকেজো হয়ে গেলে দ্বিতীয় দফায় চট্টগ্রামের বেশির এলাকায় আরও এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে গরমের মধ্যে চট্টগ্রামবাসী চরম দুর্ভোগের শিকার হয়।

পিডিবি সূত্র জানায়, দুপুর ১২টা ২৬ মিনিটে হাটহাজারী গ্রিডের ২৩০ কেভি সঞ্চালন লাইন ট্রিপ করে। এতে প্রায় ৪০ মিনিট চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার বিদ্যুৎহীন ছিল। বিকেল সাড়ে পাঁচটায় একই গ্রিডের ১৩২ কেভি লাইনের একটি ট্রান্সফরমারের ব্রেকার অকেজো হয়ে যায়। এতে চট্টগ্রামের বেশির ভাগ এলাকায় আরও প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ছিল না। বুধবার সন্ধ্যার দিকে ত্রুটি সারানোর পর নগর ও জেলায় আবার বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

পিডিবির প্রধান প্রকৌশলী (বিতরণ, দক্ষিণাঞ্চল) প্রবীর কুমার সেন বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দুপুরে প্রথম দফায় হাটহাজারীর একটি গ্রিড ট্রিপ করে। এতে ৪০ থেকে ৪৫ মিনিট বৃহত্তর চট্টগ্রাম বিদ্যুৎহীন ছিল। বিকেলে আরেক দফায় হাটহাজারী গ্রিডের একটি ট্রান্সফরমারের ব্রেকার অকেজো হয়ে যায়। এতে আরও এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

এদিকে দুই দফায় বিদ্যুৎ না থাকায় নগরবাসী গরমে হাঁসফাঁস করে। রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নগরের সুগন্ধা আবাসিক এলাকা, মুরাদপুরসহ নগরের কিছু এলাকা ছিল বিদ্যুৎহীন। তবে পাহাড়তলীসহ আরও কিছু এলাকায় বিদ্যুতের ভেলকিবাজি চলে বলে ভুক্তভোগী বাসিন্দারা জানায়।

নগরের পাহাড়তলী বাংলাদেশ ব্যাংক কলোনির সাবেক উপমহাব্যবস্থাপক মোস্তাফিজুল কবির বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আজ (বুধবার) দুপুর সোয়া ১২টা থেকে বেলা আড়াইটা এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আমরা বিদ্যুৎ পাইনি। বিদ্যুৎ না থাকায় গরমের মধ্যে খুব কষ্টে চার ঘণ্টা সময় পার করেছি।’

নগরের সুগন্ধা আবাসিক এলাকার বাসিন্দা সুলতানা শাহীন রাত নয়টায় প্রথম আলোকে বলেন, দুপুর সোয়া ১২টার কিছু পরে আমাদের এলাকায় বিদ্যুৎ চলে যায়। বিকেল আনুমানিক সাড়ে পৌনে পাঁচটায় এসে আবার আধা ঘণ্টা পর চলে যায়। রাত পৌনে নয়টা বেজে গেছে। আমরা বিদ্যুৎ সরবরাহ পাইনি।

এদিকে প্রায় এক হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে রাতে ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায় বলে পিডিবির দায়িত্বশীল একজন প্রকৌশলী জানান। এ জন্য চট্টগ্রামের বড় দুটি শিল্প-কারখানা রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এই দুটি কারখানার চাহিদা আনুমানিক সাড়ে ৩০০ মেগাওয়াট বলে পিডিবির প্রধান প্রকৌশলী (বিতরণ, দক্ষিণাঞ্চল) প্রবীর কুমার সেন জানিয়েছেন। এরপরও চট্টগ্রামে ৫০ থেকে ৬০ মেগাওয়াট লোডশেডিং করা হয়।