চট্টগ্রামসহ পাঁচ জেলায় কাল থেকে ট্যাংক-লরি ধর্মঘটের ডাক
বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় আগামী সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাংক-লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। নগরের পতেঙ্গায় বন্দরের বরাদ্দ দেওয়া জমিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) টার্মিনালের অবকাঠামো নির্মাণ না করায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
গতকাল শনিবার বিকেলে নগরের দেওয়ানহাটে জ্বালানি তেল পরিবহনকারী গাড়ির মালিকদের সংগঠন ট্যাংক লরি মালিক সমিতির কার্যালয়ে ধর্মঘটের এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক বাদশা।
জানতে চাইলে ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল মাওলা প্রথম আলোকে বলেন, ‘টার্মিনালের জন্য জমি পাওয়া গেলে সেই জমিতে জ্বালানি পরিবহনকারী ট্যাংক লরি রাখা, শ্রমিকদের বিশ্রামাগার ও কার্যালয় তৈরি করে দেওয়ার কথা ছিল বিপিসির। সম্প্রতি বন্দর থেকে আমরা ২ দশমিক ১১ একর জায়গা ইজারা নিয়েছি। নৌপরিবহনমন্ত্রী টার্মিনালের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। কিন্তু বিপিসি অবকাঠামো নির্মাণের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। এ কারণে বাধ্য হয়ে ধর্মঘটে যেতে হচ্ছে।’
সমিতির নেতারা জানান, তিন পার্বত্য জেলার পাশাপাশি কক্সবাজারের টেকনাফ থেকে মিরসরাইয়ের বারইয়ারহাট পর্যন্ত এলাকা ধর্মঘটের আওতায় থাকবে। ধর্মঘট চলাকালে এসব এলাকায় জ্বালানি পরিবহনকারী গাড়ি চলবে না।