চট্টগ্রামসহ পাঁচ জেলায় পাহাড় সংরক্ষণের নির্দেশ আদালতের
চট্টগ্রামসহ পাঁচ জেলায় পাহাড় কাটা বন্ধ ও পাহাড়গুলো সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্য চার জেলা হচ্ছে—কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি।গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ নির্দেশ দেন। ভবিষ্যতে পাহাড় কাটার ক্ষেত্রে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) বিষয়ে সমীক্ষা ও পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক উল্লেখ করে তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। চট্টগ্রাম বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে ব্যবস্থা নিতেও বলা হয়।পাহাড় কাটা ও পাহাড়ধসে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত বছরের আগস্টে জনস্বার্থে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রিট আবেদনটি করে। রিটে বলা হয়, ইমারত নির্মাণ আইন-১৯৫২, পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-১৯৫৯ এবং সময় সময় জারি করা পরিপত্র লঙ্ঘন করে পাহাড় কাটা হচ্ছে। শুনানিতে বেলার পক্ষে অংশ নেওয়া আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, চট্টগ্রামসহ পাঁচ জেলার পাহাড় কাটা বন্ধ ও বিদ্যমান পাহাড়গুলো সংরক্ষণের নির্দেশ দিয়ে আদালত রায় দিয়েছেন। এই রায়ের ফলে ইআইএ-সংক্রান্ত সমীক্ষা প্রতিবেদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া পাহাড় কাটা যাবে না।