চট্টগ্রামসহ পাঁচ জেলায় হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নগর জামায়াতের আিমর শামসুল ইসলামসহ ২১ নেতা-কর্মীকে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে৷ এদিকে তাঁদের গ্রেপ্তারের প্রতিবাদে আজ বুধবার চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।
হরতালকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় গতকাল বিকেলে চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মুহসীন কলেজে অভিযান চালিয়ে ছাত্রশিবিরের কর্মী সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ৷ তাঁরা হলেন মুহসীন কলেজের ছাত্র বেলাল উদ্দিন ও মোসলেম উদ্দিন এবং চট্টগ্রাম কলেজের ছাত্র নুর হোসেন। পুিলশের পক্ষ থেকে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ এবং তাঁদের সম্পর্কে তথ্য যাচাই করে শিবিরের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তিনজনকেই গ্রেপ্তার দেখানো হবে।
কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শাহ মু. আবদুর রউফ প্রথম আলোকে বলেন, ‘হরতাল ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় আমরা চট্টগ্রাম ও মুহসীন কলেজে অভিযান চালাই। কিন্তু দুটি কলেজের শিবিরের নেতা-কর্মীরা গা ঢাকা দেন। ছাত্রাবাসের বেশির ভাগ কক্ষে তালা ঝোলানো দেখতে পাই।’
গত সোমবার নগরের দেওয়ান বাজার জামায়াত কার্যালয় থেকে নগর জামায়াতের আিমর শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ সোমবার রাতেই তঁাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে কোতোয়ালি থানায় মামলা করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে জানান, নেতা-কর্মীদের গ্রেপ্তারের সময় জামায়াতের দেওয়ান বাজারের কার্যালয় থেকে দেড় কেজি বিস্ফোরক, দুই লিটার পেট্রল ও ৬০টি কাচের বোতল উদ্ধার করা হয়। বোতলগুলো পেট্রলবোমা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এ কারণে গ্রেপ্তার করা ২১ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. রেজাউল মাসুদ বলেন, গতকাল আসামিদের আদালতে হাজির করে প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এদিকে জামায়াতের নেতা-কর্মীর আইনজীবীরা জামিনের আবেদন করেন৷ মহানগর হাকিম রহমত আলী এ বিষয়ে আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এইচএসসি পরীক্ষা যথাসময়ে
জামায়াতের হরতাল সত্ত্বেও চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি পরীক্ষার সময়সূচির কোনো পরিবর্তন হবে না৷ এ বিষয়ে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। হরতালের কারণে পরীক্ষার সময়সূচির কোনো পরিবর্তন হবে না।
আজ সকালে রসায়ন, ইতিহাস ও ইসলামের ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা এবং বিকেলে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।