চট্টগ্রামে অক্টোবরে তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো ‘তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলা’ আয়োজন করার উদ্যোগ নিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটন। আগামী ২১ অক্টোবর চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের পাশের জিমনেশিয়াম মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে ১৫ দিন।

গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনটির সভাপতি জসীম আহমেদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, সারা দেশের তরুণ উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে আনতে এ মেলার আয়োজন করা হয়েছে। তরুণ উদ্যোক্তারা তাঁদের পণ্য নিয়ে মেলায় অংশ নিতে পারবেন। তিনি আরও বলেন, মেলায় দুটি মেগা প্যাভিলিয়ন, ছয়টি মিনি প্যাভিলিয়ন ও ৪৫টি স্টল থাকবে। মেলা চলাকালে উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনাবিষয়ক আলোচনা, উদ্বুদ্ধকরণ সেমিনার, ফ্যাশন শো ও সংগীতানুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সহসভাপতি গিয়াস উদ্দিন, সহসভাপতি শফিউল আলম রানা, সাধারণ সম্পাদক ও মেলা কমিটির আহ্বায়ক জুনায়েদ ইজদানী, কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন, পরিচালক মাশফিক আহমেদ, মো. মনিরুজ্জামান, রুবাইয়াত সাকি প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় অংশ নিতে আগ্রহী তরুণ উদ্যোক্তারা ০১৫৩৪৭৪০৬৬৬ বা ০১৮১৯৯৫৫৮১৪ এই নম্বরে যোগাযোগ অথবা [email protected] ঠিকানায় মেইল করে নিবন্ধিত হতে পারবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জসীম আহমেদ বলেন, তরুণ উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সবচেয়ে বড় বাধা অর্থায়ন। অনেকে চাকরি না করে উদ্যোক্তা হতে চান। তাঁদের জন্য সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থা করা গেলে দেশে নতুন উদ্যোক্তা তৈরি হবে। সংবাদ সম্মেলন শেষে ‘তরুণ উদ্যোক্তা বাণিজ্য মেলা’-এর লোগো উন্মোচন করেন সংগঠনের নেতারা।