চট্টগ্রামে অগ্নিকাণ্ডে আহত একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সুগন্ধা আবাসিক এলাকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত মোহাম্মদ আবু তাহের (৭৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহেরের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী অধ্যাপক এস খালেদ প্রথম আলোকে বলেন, আবু তাহের চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মারা যান। আগুনের ধোঁয়ায় শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণে তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে নগরের সুগন্ধা আবাসিক এলাকায় সাততলা ভবনের দোতলার একটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফ্ল্যাটে কেউ ছিলেন না। তবে আগুনের ধোঁয়ায় ভবনের চার বাসিন্দা অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু তাহেরের মৃত্যু হয়।