চট্টগ্রামে অগ্নিদগ্ধ কিশোরের মৃত্যু
চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকায় অগ্নিদগ্ধ কিশোর মো. নয়ন (১৭) মারা গেছে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সে মারা যায়।
গত বৃহস্পতিবার ভোররাতে নয়নসহ একই ঘরের চারজন দগ্ধ হন। পুলিশ বলছে, অসতর্কতাবশত গ্যাসের চুলা বন্ধ না করে ওই ঘরের লোকজন ঘুমাতে যান। সে সময় দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাসও বের হতে পারেনি। এ কারণে মোমবাতি ধরানোর সময় আগুন ধরে গিয়ে ওই চারজনই দগ্ধ হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাশ বলেন, ‘নয়নের শ্বাসনালিসহ শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। বদ্ধ ঘরে আগুন লাগায় কম-বেশি সবারই শ্বাসনালি পুড়ে গেছে।’
নয়নের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাটে। সে নগরের একটি বিপণিবিতানের জুতার দোকানে চাকরি করত।
বার্ন ইউনিট সূত্র জানায়, আগুনে দগ্ধ তিন পোশাক শ্রমিক নার্গিস আকতারের ৫০ শতাংশ, সালমা আকতারের ৩১ শতাংশ ও কোহিনূর আকতারের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।