দুই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আন্দোলন
চট্টগ্রামে অচলাবস্থা কাটেনি, শাহজালালে উপাচার্যকক্ষে তালা
ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধে গতকাল সোমবার টানা ষষ্ঠ দিনের মতো অচল ছিল চ্ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়৷ এ সংকট সমাধানে গতকাল চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠক করে তাঁর সহযোগিতা চেয়েছেন উপাচার্য আনোয়ারুল আজিম৷
এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে গতকাল তালা দেয় ছাত্রলীগ৷ এ কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠক নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি৷
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসির হায়দারকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তির দাবিতে গত বুধবার থেকে অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রলীগের একাংশ৷ ছাত্রলীগের আরেক অংশ এ অবরোধের সময় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ও শিক্ষক বাসে হামলাকারীদের শাস্তির দাবিতে ওই দিনই পাল্টা আন্দোলনে নেমেছে৷
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে গতকাল মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় তাঁর সঙ্গে বৈঠক করেন উপাচার্য আনোয়ারুল আজিম৷ এ বিষয়ে জানতে উপাচার্যের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িতপ্রাপ্ত এক শিক্ষক জানান, উপাচার্যের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর বৈঠক হয়েছে৷ বিশ্ববিদ্যালয় সচল করার জন্য তাঁর সহযোগিতা চেয়েছেন উপাচার্য।
পাল্টাপাল্টি আন্দোলনে নামা ছাত্রলীগের এ দুই পক্ষই ক্যাম্পাসে মহিউদ্দিন চৌধুরীর অনুসারী বলে পরিচিত।
এর আগে গত রোববার রাতে অবরোধ আহ্বানকারীদের চার নেতার সঙ্গে নগরের মুরাদপুর এলাকার নিজ বাসভবনে বৈঠক করেন উপাচার্য৷ অবরোধকারীরা তাঁদের দাবি আদায়ে আন্দোলনের ব্যাপারে অনড় থাকেন৷
সরেজমিনে দেখা গেছে, গতকাল বিশ্ববিদ্যালয়ের কোনো শাটল ট্রেন চলেনি, চলেনি শিক্ষকবাসও। ফলে গতকালও হয়নি কোনো ক্লাস বা পরীক্ষা৷
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক নিয়োগে অনিয়ম ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্তদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ফলে উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া তাঁর কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। তবে বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্বাভাবিক ছিল৷
এ ছাড়া সদস্যরা ঢুকতে না পারায় সোমবার বেলা ১১টায় সিন্ডিকেট বৈঠক শুরু করতে পারেনি প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়ের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়।