চট্টগ্রামে অচেতন তরুণী উদ্ধার
চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকা থেকে অচেতন অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে ওই তরুণীকে টাইগারপাস এলাকায় পাওয়া যায়। সেখান থেকে তাঁকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার নাজমুল হাসনাইন নওশাদ প্রথম আলোকে বলেন, কড়া নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছিল তরুণীটিকে। সে কারণে মাঝেমধ্যে জ্ঞান ফিরলেও তিনি অনেক কিছুই মনে করতে পারছেন না। দুই-এক দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যায়।
গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, তরুণীটি কাঁদছেন। একপর্যায়ে তিনি নিজের নাম ও বাবার নাম বলেন। পরে তিনি তাঁর বাবার মুঠোফোন নম্বরও জানান।
তরুণীর দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করলে তাঁর বাবা পরিচয় দিয়ে এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, তাঁদের বাড়ি শেরপুরে। তিন মাস আগে টাঙ্গাইলের এক রাজমিস্ত্রির সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। মাস দেড়েক আগে তিনি স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন।
ওই তরুণীর শাশুড়ি মুঠোফোনে বলেন, একদিন সকালে ঘুম থেকে জেগে দেখেন তাঁর পুত্রবধূ বাড়িতে নেই। এ ঘটনার পর তাঁরা থানায় জিডি করেছেন।
কোতোয়ালি থানার এসআই আবদুর রহিম পবলেন, তরুণীটিকে উদ্ধারের সময় তাঁর সঙ্গে ছিল একটি কাপড়ের ব্যাগ। এ ছাড়া তাঁর কাছে সিমবিহীন একটি মুঠোফোন ও ঢাকা থেকে চট্টগ্রামে আসার দুটি বাসের টিকিট পাওয়া গেছে। টিকিট অনুযায়ী, ওই তরুণী সোমবার সকালে বাসে রওনা হয়ে চট্টগ্রামে আসেন। এরপর কী ঘটেছে, তাঁর সঙ্গী কে ছিল, তা এখনো জানা সম্ভব হয়নি। মেয়েটি সুস্থ হয়ে উঠলে সব জানা যাবে। মেয়েটির পরিবারকে খবর দেওয়া হয়েছে।