চট্টগ্রামে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
চট্টগ্রামে কোতোয়ালি থানার আন্দরকিল্লা এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নজির আহম্মদ চৌধুরী সড়কের এমইএস উচ্চবিদ্যালয়সংলগ্ন নালায় লাশটি পড়ে ছিল। ৩৫-৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে তেমন কোনো কাপড়চোপড় ছিল না।আইন কলেজের কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) মোহাম্মদ রাশেদ জানান, নালার এক পাশে এমইএস হাইস্কুল, অন্য পাশে আবাসিক ভবন। সকালে স্কুলসংলগ্ন মাঠে ছেলেরা খেলতে এসে নালায় পড়ে থাকা লাশটি তাদের নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, লাশের পরিচয় এখনো জানা যায়নি। লাশটির শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কোমরের কাছে একটি ছিদ্র এবং তার আশপাশে জমাট রক্ত দেখা গেছে। পরিকল্পিতভাবে হত্যার পর আশপাশের কোনো বহুতল ভবন থেকে লাশটি নালায় ফেলা হয় বলে পুলিশ সন্দেহ করছে।