চট্টগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে দুই যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী দুই বাসযাত্রী এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে নগরের বিআরটিসি এলাকায় হানিফ সার্ভিসের একটি বাস থেকে তাঁদের অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীরা হলেন: নজরুল ইসলাম (৪৫) ও ইকবাল (৪০)। তাঁদের টাকাপয়সা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। জানা গেছে, রাত ১২টার দিকে ঢাকা থেকে হানিফ সার্ভিসের একটি বাস নগরের বিআরটিসি কাউন্টারে এসে থামে। এ সময় সব যাত্রী নেমে গেলেও দুই যাত্রীকে নিজ নিজ আসনে ঘুমাতে দেখা যায়। তাঁদের অনেক ডাকাডাকির পরও না উঠলে পুলিশে খবর দেওয়া হয়। হানিফ সার্ভিসের ব্যবস্থাপক জানান, পুলিশ এসে তাঁদের নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, বাসের ভেতরেই অন্য কোনো যাত্রী তাঁদের কিছু খাইয়ে অজ্ঞান করে টাকাপয়সা নিয়ে যেতে পারে।