চট্টগ্রামে অজ্ঞান পার্টির তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ পাহাড়তলী থানার কর্নেল হাটের একটি আবাসিক হোটেল থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে বিষাক্ত উপাদান উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন বোরহান উদ্দিন ওরফে নুরুল ইসলাম (৪৮), নিজাম উদ্দিন (২৭) ও তাজুল ইসলাম ওরফে মনির (২৭)। তাঁদের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। কর্নেল হাটের হোটেল স্টার মার্কের ১০৯ নম্বর কক্ষে তাঁরা অবস্থান করছিলেন। গতকাল তাঁদের বিরুদ্ধে পাহাড়তলী ও বাকলিয়া থানায় দুটি মামলা করা হয়।নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া তিন সন্ত্রাসী একটি বাসের কাউন্টারের এক যাত্রীকে অজ্ঞান করে টাকা, মুঠোফোন সেট ও অন্যান্য সামগ্রী লুটে নেয়। এরপর তাঁরা কর্নেল হাটের ওই হোটেলে ওঠে। গোপনে সংবাদ পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করি।’গ্রেপ্তার হওয়া তিনজন সাংবাদিকদের জানান, গত ১৪ মার্চ রাতে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকার নুর নবী সওদাগর নামের এক ব্যক্তিকে খাবারের সঙ্গে বিষাক্ত উপাদান মিশিয়ে খাওয়ানো হয়। এরপর তাঁর কাছ থেকে টাকা লুটে নেওয়া হয়। গতকাল বিকেলে নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এই তিনজনকে চিহ্নিত করেন নুর নবী।