চট্টগ্রামে অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশা মালিক-চালকদের আটটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংগঠনের নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। অবশ্য গতকাল ভোর থেকে নগরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়ে আসে।
পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা ১১টায় মহানগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান ও উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান। প্রায় এক ঘণ্টা বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
চট্টগ্রাম নগরে নম্বরবিহীন অটোরিকশা চলাচল নিষিদ্ধ, সরকারি উদ্যোগে চালকদের প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স দেওয়াসহ আট দফা দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়েছিল।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়ে চট্টগ্রাম ফোর স্ট্রোক সিএনজি-থ্রি হুইলার অটোরিকশা সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মহিউদ্দিন বলেন, ‘পুলিশ প্রশাসন আমাদের আট দফা দাবির প্রতি সহানুভূতি দেখিয়েছে। এ কারণে আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।’
অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘অটোরিকশা মালিক-চালকদের সংগঠনগুলোর সব দাবি আমাদের আওতার মধ্যে নেই। তবুও কিছু দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে।’