চট্টগ্রামে অটোরিকশা ছিনতাইকারী গ্রেপ্তার
সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে দুই লাখ টাকা চাঁদা দাবি করায় পুলিশ দুই দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
গত বুধবার রাতে নগরের আগ্রাবাদ ছোটপুল এলাকায় পুলিশ এই অভিযান চালায়।
গ্রেপ্তার হওয়া দুই দুর্বৃত্তের নাম মোহাম্মদ বেলাল ও মোহাম্মদ ফারুক। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে। গত মঙ্গলবার যাত্রীবেশে কাপ্তাই রাস্তার মাথা থেকে বেলাল ও ফারুক অটোরিকশায় ওঠেন। কিছুদূর যাওয়ার পর আরও দুজন ওঠেন। এরপর অটোরিকশার চালক আবদুর রহমানকে মুখ বেঁধে ছোটপুল এলাকায় নিয়ে যান দুর্বৃত্তরা। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আবদুর রহমান কৌশলে পালিয়ে এসে মালিককে খবর দেন। এরপর অটোরিকশা উদ্ধার নিয়ে উভয় পক্ষের মধ্যে দর-কষাকষি চলছিল। পরে আমরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও অটোরিকশাটি উদ্ধার করি।’